রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ৯ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আবারও পিছিয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চে এ আদেশ দেওয়া হয়।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় আসামিদের উসকানি ও প্রত্যক্ষ-পরোক্ষ সম্পৃক্ততায় নিরীহ মানুষের ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে মাহমুদুর রহমান সৈকত ও ফারহান ফাইয়াজসহ ৯ জন নিহত হন এবং আরও অনেকে আহত হন।
মামলায় মোট ২৮ জন আসামির মধ্যে চারজন গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহ-সভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক এবং ফজলে রাব্বি। শুনানির জন্য তাদের কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
শুনানিতে প্রসিকিউশনের পক্ষ থেকে এক সপ্তাহ সময় চাওয়া হয়। তারা জানান, পরবর্তী তারিখে প্রথমে প্রসিকিউশন এবং পরে আসামিপক্ষ তাদের বক্তব্য উপস্থাপন করবে।
অন্যদিকে আসামিপক্ষ জানায়, তারা ডিসচার্জ (মুক্তির আবেদন) চেয়ে আবেদন করবে। উভয় পক্ষের বক্তব্য শুনে ট্রাইব্যুনাল আগামী ২৬ এপ্রিল নতুন তারিখ ধার্য করে এবং সেদিন প্রস্তুত থাকতে নির্দেশ দেয়।
এ মামলায় পলাতক আসামিদের মধ্যে রয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার ও ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ আরও কয়েকজন। তাদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছে ট্রাইব্যুনাল।
এর আগে ৮ এপ্রিল নির্ধারিত শুনানিও প্রয়োজনীয় নথি না পাওয়ার কারণে পিছিয়ে যায়। ফলে টানা দ্বিতীয়বারের মতো অভিযোগ গঠনের শুনানি স্থগিত হলো।
মামলার নথি অনুযায়ী, চলতি বছরের ১৮ জানুয়ারি আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল ২৮ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল।
রিপোর্টার্স২৪/ঝুম