রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশে পরিচালিত ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে অবশ্যই শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ম-কানুনের আওতায় থাকতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।
বুধবার (১৫ এপ্রিল) সিলেটে এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভাটি সিলেট শিক্ষা বোর্ডের উদ্যোগে নগরীর মেন্দিবাগ এলাকার জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
শিক্ষামন্ত্রী বলেন, ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারি নিয়ম ও শিক্ষা বোর্ডের রেগুলেশনের আওতায় আনতে একাধিক দফা বৈঠক করা হয়েছে। কোনো শিক্ষাপ্রতিষ্ঠানই মন্ত্রণালয়ের নিয়মের বাইরে থাকতে পারবে না।
তিনি আরও বলেন, সিলেট যেন শুধু রেমিট্যান্স বা ডলারের জন্য নয়, শিক্ষার ক্ষেত্রেও এগিয়ে যায়। এ লক্ষ্যে যুক্তরাজ্য থেকে অর্থ এনে সিলেট এডুকেশন ট্রাস্ট ফান্ড গঠনের কথাও তিনি উল্লেখ করেন এবং স্থানীয় সংসদ সদস্যদের সহযোগিতা চান।
পরীক্ষায় ‘ডিজিটাল নকল’ প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমানে কিছু ক্ষেত্রে নকল প্রাতিষ্ঠানিক পর্যায়েও বিস্তার লাভ করেছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এ পরিস্থিতি মোকাবিলায় “নকল” শব্দের সংজ্ঞা পুনর্নির্ধারণের কাজ চলছে বলেও জানান তিনি।
পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে সারাদেশে ধাপে ধাপে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে বলে জানান তিনি। পাশাপাশি খাতা মূল্যায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে ‘র্যান্ডম স্যাম্পলিং’ পদ্ধতিতে পুনর্মূল্যায়নের উদ্যোগ নেওয়া হবে।
শিক্ষকদের উদ্দেশে মন্ত্রী বলেন, মানসম্মত পাঠদান নিশ্চিত না হলে শিক্ষার্থীদের মধ্যে নকলের প্রবণতা বাড়ে। তাই শিক্ষকদের আরও দায়িত্বশীল হতে হবে এবং শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী করে তুলতে হবে।
এ সময় তিনি শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট ও অবসর ভাতার সমস্যার কথা উল্লেখ করে বলেন, পূর্ববর্তী সময়ে অর্থ আত্মসাতের কারণে বর্তমান বাজেটে কিছু চাপ তৈরি হয়েছে।
সভায় আরও উপস্থিত ছিলেন আরিফুল হক চৌধুরী, সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সারওয়ার আলম, এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী, এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
রিপোর্টার্স২৪/ঝুম