রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশে বর্তমানে বীর মুক্তিযোদ্ধার সংখ্যা ১ লাখ ৯৮ হাজার ৩৭ জন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।
বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকন-এর প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
মন্ত্রী জানান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এমআইএস (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম)-এ সংরক্ষিত সমন্বিত তালিকার ভিত্তিতে এই সংখ্যা নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও বলেন, কোনো গেজেটধারী মুক্তিযোদ্ধার বিরুদ্ধে ‘অমুক্তিযোদ্ধা’ হিসেবে অভিযোগ উঠলে তা যাচাই-বাছাই করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল) তদন্তের মাধ্যমে সিদ্ধান্ত নেয়। প্রমাণিত হলে সংশ্লিষ্ট নাম তালিকা থেকে বাদ দেওয়ার সুপারিশ করা হয়।
মন্ত্রী জানান, বর্তমানে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের বিবেচনায় নেই।
তিনি আরও জানান, ২০২৪ সালের আগস্ট থেকে এ পর্যন্ত ৮৪২টি অমুক্তিযোদ্ধা সংক্রান্ত অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ৪৮১ জনের গেজেট বা তালিকা বাতিল করা হয়েছে।
জামুকা প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ১০৩টি সভায় মোট ৬ হাজার ৪৬৫ জনের গেজেট বাতিলের সুপারিশ করা হয়েছে বলেও সংসদে জানান মন্ত্রী।
রিপোর্টার্স২৪/ঝুম