রিপোর্টার্স২৪ ডেস্ক: চলতি এপ্রিল মাসসহ আগামী দুই মাসেও দেশে জ্বালানি তেলের কোনো সংকট তৈরি হবে না বলে জানিয়েছেন জ্বালানি বিভাগের যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী।
বুধবার (১৫ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, দেশে বর্তমানে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে। “ইনশাআল্লাহ আগামী দুই মাসে জ্বালানির কোনো সমস্যা হবে না,”—বলেন তিনি।
সরকারি তথ্যানুযায়ী, বর্তমানে মজুতে রয়েছে ১ লাখ ১ হাজার ৩৮৫ মেট্রিক টন ডিজেল, ৩১ হাজার ৮২১ মেট্রিক টন অকটেন, ১৮ হাজার ২১১ মেট্রিক টন পেট্রোল এবং ৭৭ হাজার ৫৪৬ মেট্রিক টন জেট ফুয়েল।
তিনি আরও জানান, প্রতি মাসে জ্বালানির দাম সমন্বয় করা হচ্ছে এবং এপ্রিল মাসেও তা করা হয়েছে। আগামী মাসের দাম পরিস্থিতি বিবেচনায় নির্ধারণ করা হবে।
পেট্রোল পাম্পে অতিরিক্ত ভিড় বা ভোগান্তি নিয়ে তিনি বলেন, ঢাকার বাইরে কোনো সমস্যা নেই। রাজধানীতে কিছুটা চাপ থাকলেও “প্যানিক বায়িংয়ের” প্রয়োজন নেই। সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং গত বছরের তুলনায় কোনো ঘাটতি নেই।
শিল্প খাতে ডিজেলের কোনো সংকট নেই বলেও তিনি জানান। তালিকা অনুযায়ী চাহিদা মেটানো হচ্ছে এবং বেসরকারিভাবে ১৪ লাখ মেট্রিক টন জ্বালানি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়া তিনি জানান, মার্চ ও এপ্রিল মাসে ক্রুড অয়েল আমদানি সম্ভব না হলেও এপ্রিলের শেষ বা মে মাসের শুরুতে সৌদি আরব থেকে বিকল্প রুটে ক্রুড অয়েল দেশে আসবে।
সরকারি তথ্য অনুযায়ী, ইস্টার্ন রিফাইনারি লিমিটেড বছরে প্রায় ১৫ লাখ মেট্রিক টন জ্বালানি পরিশোধন করে, যা দেশের মোট চাহিদার প্রায় এক-পঞ্চমাংশ পূরণ করে।
রিপোর্টার্স২৪/ঝুম