রিপোর্টাস২৪ ডেস্ক: তীব্র গরমে নাজেহাল জনজীবনের মধ্যে কিছুটা স্বস্তির বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর। দেশের বিভিন্ন অঞ্চলে চলমান তাপপ্রবাহ শিগগিরই প্রশমিত হতে পারে, পাশাপাশি দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
বর্তমানে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বইছে। তবে আবহাওয়ার পরিবর্তনের কারণে এসব অঞ্চলে তাপমাত্রা কমার ইঙ্গিত পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় একটি লঘুচাপের বর্ধিতাংশ সক্রিয় রয়েছে। এর প্রভাবে আজ সন্ধ্যা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে এবং রংপুর, রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এই বৃষ্টিপাতের ফলে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে, যদিও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
নদীবন্দরগুলোর জন্য সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য সংশ্লিষ্ট নৌবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৮ এপ্রিল থেকে তাপমাত্রা আবার কিছুটা বাড়তে পারে। তবে সিলেটসহ উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে, যা আংশিক স্বস্তি ধরে রাখবে।
রাজধানী ঢাকায় আজ আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০–১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হলেও দমকা হাওয়ায় তা ৪০–৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। আজ ভোরে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস, আর গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস।
আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৬ মিনিটে। আগামী পাঁচ দিনের প্রবণতায় দেখা যাচ্ছে, বৃষ্টিপাত কমে গেলে তাপমাত্রা আবারও বাড়তে পারে।
রিপোর্টার্স২৪/ঝুম