রিপোর্টাস২৪ ডেস্ক: রাজশাহীতে হামের উপসর্গে আক্রান্ত হয়ে শিশুমৃত্যুর ঘটনা থামছে না। গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এতে হাসপাতালে হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে ১৪৫ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। একই সময়ে নতুন করে ১১ জন শিশু ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৯ জন।
এ পর্যন্ত মোট ৬১৩ জন রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। তাদের মধ্যে এখনো বেশ কয়েকজন শিশুর অবস্থা জটিল বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, যেসব শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলকভাবে কম, তারাই বেশি ঝুঁকিতে পড়ছে এবং জটিলতা দেখা দিচ্ছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
রোগীদের চিকিৎসায় বিশেষ ব্যবস্থাপনার অংশ হিসেবে ১৮টি আইসিইউ বেড, তিনটি সাধারণ ওয়ার্ড এবং একটি আলাদা আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে। সংক্রমণের মাত্রা অনুযায়ী শিশুদের আলাদা করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে হামের এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে, বিশেষ করে শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় দ্রুত টিকাদান ও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের দাবি উঠেছে।
রিপোর্টার্স২৪/ঝুম