রিপোর্টাস২৪ ডেস্ক: বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারে সরকার সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এক লিখিত জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
আইনমন্ত্রী বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা মামলাগুলো চিহ্নিত করে তা প্রত্যাহারের জন্য সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। এ বিষয়ে একটি কাঠামোবদ্ধ প্রক্রিয়ার মাধ্যমে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
তিনি জানান, এর আগে একটি কমিটি গঠন করা হলেও নতুন করে জেলা পর্যায়ে জেলা প্রশাসকের নেতৃত্বে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যারা মামলাগুলো যাচাই-বাছাই করছে। তাদের সুপারিশের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এছাড়া কেন্দ্রীয় পর্যায়ে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যার আহ্বায়ক করা হয়েছে আইনমন্ত্রীকে। এই কমিটি জেলা কমিটির পাঠানো সুপারিশ পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে।
মন্ত্রী আরও বলেন, কোনো মামলা এমনকি হত্যা মামলা পর্যন্ত যদি রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানিমূলক বলে প্রমাণিত হয়, তবে তা নিয়ম অনুযায়ী পর্যালোচনা করা হবে। তবে প্রতিটি মামলা যাচাই-বাছাইয়ের মাধ্যমেই সিদ্ধান্ত নেওয়া হবে, যাতে কোনো অনিয়ম না ঘটে।
সরকার ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করছে বলেও তিনি জানান।
রিপোর্টার্স২৪/ঝুম