রিপোর্টাস২৪ ডেস্ক: পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে হজযাত্রা শুরু হচ্ছে আগামীকাল। শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১২টায় ৪১৯ জন যাত্রী নিয়ে প্রথম ফ্লাইট ঢাকা ছেড়ে সৌদি আরবের উদ্দেশে যাত্রা করবে।
এ উপলক্ষে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, এবারের হজ ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল ও প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ নেওয়া হয়েছে।
চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করতে যাচ্ছেন। এরই মধ্যে সৌদি আরবে পৌঁছেছে ১৭১ সদস্যের একটি মেডিকেল টিম, যারা হজযাত্রীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে।
এবার হজযাত্রীদের জন্য ‘নুসুক কার্ড’ বাধ্যতামূলক করা হয়েছে, যা একটি ডিজিটাল পরিচয়পত্র হিসেবে কাজ করবে। এই কার্ডের মাধ্যমে সৌদি আরবে অবস্থানকালে হজযাত্রীরা বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন।
বেসরকারি ব্যবস্থাপনায় যাওয়া হজযাত্রীরা আগেই এই কার্ড পাচ্ছেন, তবে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের কার্ড সৌদি আরবের হোটেল লবিতে পৌঁছানোর পর সরবরাহ করা হবে।
এদিকে হজ কার্যক্রম উদ্বোধনের বিষয়েও প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
রিপোর্টার্স২৪/ঝুম