রিপোর্টাস২৪ ডেস্ক: অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দায়ের করা মামলায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে চার্জগঠন শুনানি আবারও পিছিয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন শুনানি শেষে আগামী ৬ মে নতুন তারিখ নির্ধারণ করেন।
এর আগে গত ১৮ ফেব্রুয়ারি আদালত তাদের বিরুদ্ধে দাখিল করা অভিযোগপত্র আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরে ২৬ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে টিউলিপকে গ্রেফতারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করা হলে আদালত তা অনুমোদন দেয়।
মামলার অভিযোগ অনুযায়ী, আসামিরা পরস্পরের যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে গুলশান-২ এলাকায় ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট কোনো অর্থ পরিশোধ ছাড়াই গ্রহণ করে পরে নিজেদের নামে রেজিস্ট্রি করেন।
গত বছরের ১৫ এপ্রিল দুদক টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, সরদার মোশাররফ হোসেন এবং রাজউকের সাবেক কর্মকর্তা শাহ মো. খসরুজ্জামানের বিরুদ্ধে মামলা দায়ের করে। তদন্ত শেষে চলতি বছরের ১১ ডিসেম্বর তাদের বিরুদ্ধে দণ্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় অভিযোগপত্র দাখিল করা হয়।
রিপোর্টার্স২৪/ঝুম