রিপোর্টার্স২৪ ডেস্ক: রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যে। তিনি বিএনপিকে উদ্দেশ করে কঠোর সমালোচনা করে বলেছেন, জনগণের রায় নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে। একই সঙ্গে দেশের আর্থিক সম্পদ রক্ষায় জনগণকে ‘গর্জে ওঠার’ আহ্বান জানান তিনি।
শুক্বার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর জেলা আমির সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান দাবি করেন, বিএনপি জনগণের রায়কে ব্যবহার করে জনআস্থা ভঙ্গ করেছে। তবে সুস্থ রাজনৈতিক ধারা বজায় রাখার স্বার্থে এবং দেশের বৃহত্তর কল্যাণ বিবেচনায় তারা অতীত নির্বাচনের ফল মেনে নিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, জাতীয় নির্বাচনে ব্যাপক ‘ইঞ্জিনিয়ারিং’ ও কারচুপির মাধ্যমে জুলাইয়ের চেতনাকে ভূলুণ্ঠিত করা হয়েছে। তার মতে, সাবেক একজন উপদেষ্টা এবং বর্তমান সরকারের একজন মন্ত্রীর বক্তব্য থেকেই নির্বাচনী অনিয়মের ইঙ্গিত পাওয়া যায়।
জামায়াত আমির বলেন, সংবিধানকে নিজেদের ইচ্ছামতো সংশোধন করে ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনার চেষ্টা চলছে। সংসদে বিরোধী দলের কণ্ঠ রোধ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এ কারণে জনগণের স্বার্থ রক্ষায় ১১ দলীয় ঐক্য রাজপথে নামতে বাধ্য হচ্ছে।
তিনি আরও দাবি করেন, গণভোটের ফল প্রত্যাখ্যানের মাধ্যমে দেশে নতুন ধরনের ‘ফ্যাসিবাদের’ সূচনা হয়েছে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের মাধ্যমে ধ্বংস করা হচ্ছে।
সবশেষে তিনি বলেন, দেশের আর্থিক সম্পদ রক্ষায় জনগণকে এখনই ঐক্যবদ্ধ হয়ে ‘গর্জে উঠতে’ হবে, এবং জামায়াতে ইসলামীর অবস্থান সবসময় জনগণের পাশে থাকবে।
রিপোর্টার্স২৪/ঝুম