রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচ দিন বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এই সময়ে ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধিরও আভাস দেওয়া হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস বলছে, পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের বর্ধিতাংশ সক্রিয় রয়েছে। পাশাপাশি দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে, যার প্রভাবে এই বৃষ্টিপাতের প্রবণতা তৈরি হয়েছে।
প্রথম দিনের পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকতে পারে। এদিন তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
শনিবার ও রোববার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় এবং রাজশাহী ও চট্টগ্রামের কিছু স্থানে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ও কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। তবে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
সোমবার থেকে তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা স্পষ্ট হতে পারে। এদিনও কিছু এলাকায় বজ্রবৃষ্টি থাকলেও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
মঙ্গলবারও বৃষ্টির প্রবণতা কিছুটা অব্যাহত থাকবে, বিশেষ করে ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে। তবে এদিনও তাপমাত্রা আরও সামান্য বাড়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অফিস।
পরবর্তী সময়ের পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টিপাত কমে গেলে তাপমাত্রা আরও বাড়তে পারে, ফলে গরমের তীব্রতা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম