| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হজযাত্রীদের উন্নত ব্যবস্থাপনার আশ্বাস প্রধানমন্ত্রীর

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৮, ২০২৬ ইং | ০১:১৯:৪৫:পূর্বাহ্ন  |  ৫০৯ বার পঠিত
হজযাত্রীদের উন্নত ব্যবস্থাপনার আশ্বাস প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার: চলতি বছরের হজ ফ্লাইট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ এই কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

এর আগে রাত ১০টা ৫০ মিনিটে রাজধানীর আশকোনা হজ ক্যাম্প পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি হজযাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় তাদের সঙ্গে মোনাজাতে অংশ নেন। এসময় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম (রিতা)-সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ থেকে এ বছরের প্রথম হজ ফ্লাইটটি শনিবার (১৮ এপ্রিল) রাত ১২টা ২০ মিনিটে ছেড়ে যাবে। ৪১৯ জন হজযাত্রী নিয়ে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর-এর উদ্দেশ্যে রওনা হবে।

প্রথম দিনে মোট ১৪টি ফ্লাইট পরিচালনার কথা রয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬টি, সাউদিয়ার ৩টি এবং ফ্লাইনাসের ৩টি ফ্লাইট থাকবে।

হজ ক্যাম্প পরিদর্শনকালে প্রধানমন্ত্রী হজযাত্রীদের সার্বিক খোঁজখবর নেন এবং তাদের যাত্রা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। তিনি বলেন, সরকার হজ ব্যবস্থাপনা আরও উন্নত ও যাত্রীবান্ধব করতে কাজ করে যাচ্ছে।

এর আগে হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার পাঠানো হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আল্লাহর মেহমানদের জন্য এক লাখ বোতল মিনারেল ওয়াটার হজক্যাম্পে সরবরাহ করা হচ্ছে।

এছাড়া উদ্বোধনী ফ্লাইটের হজযাত্রীদের জন্য ব্যাকপ্যাক, ইহরাম সাবান, পানির পট, পেট্রোলিয়াম জেলি, মিসওয়াক ও আজওয়া খেজুরসহ বিভিন্ন উপহারসামগ্রী পাঠানো হয়েছে। এসব উপহার প্যাকেটজাত করে উদ্বোধনী ফ্লাইটের যাত্রীদের মধ্যে বিতরণ করা হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪