| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অবশেষে হরমুজ পাড়ি দিচ্ছে এমভি বাংলার জয়যাত্রা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৮, ২০২৬ ইং | ০৪:৩৫:১৯:পূর্বাহ্ন  |  ৫১৩ বার পঠিত
অবশেষে হরমুজ পাড়ি দিচ্ছে এমভি বাংলার জয়যাত্রা

স্টাফ রিপোর্টার: দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পাড়ি দিচ্ছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ এমভি বাংলার জয়যাত্রা।

ইরানের পক্ষ থেকে প্রণালিটি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত ঘোষণার পর শুক্রবার রাতে জাহাজটি নোঙর তুলে যাত্রা শুরু করে। পরবর্তীতে বাংলাদেশ সময় রাত ১১টা ৫০ মিনিটে জাহাজটি হরমুজ প্রণালিতে প্রবেশ করে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক।

তিনি জানান, গভীর রাতে জাহাজটি প্রণালি অতিক্রম করতে পারে। জাহাজটিতে ৩১ জন বাংলাদেশি নাবিক রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে দায়িত্ব পালন করে আসছিলেন।

জাহাজের ক্যাপ্টেন শফিকুল ইসলাম খান বলেন, ইরানি বাহিনীর কোনো বাধা ছাড়াই তারা নির্ধারিত রুটে অগ্রসর হচ্ছেন। সামুদ্রিক চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, ইতোমধ্যে শতাধিক জাহাজ হরমুজমুখী হয়েছে, যার অগ্রভাগে রয়েছে বাংলাদেশের পতাকাবাহী এই জাহাজ। বর্তমানে এটি ঘণ্টায় প্রায় ৯ নটিক্যাল মাইল গতিতে অগ্রসর হচ্ছে।

জানা গেছে, গত ২ ফেব্রুয়ারি থেকে পারস্য উপসাগরে অবস্থান করছিল এমভি বাংলার জয়যাত্রা। এক বন্দর থেকে অন্য বন্দরে পণ্য পরিবহন করলেও মার্চ মাসে দেশে ফেরার চেষ্টা ব্যর্থ হয় হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি না পাওয়ায়। পরে সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে প্রায় ৩৭ হাজার টন সার বোঝাই করে দক্ষিণ আফ্রিকার কেপটাউন বন্দরের উদ্দেশ্যে যাত্রার প্রস্তুতি নেয় জাহাজটি।

পরবর্তীতে যুদ্ধবিরতি শুরু হলেও দ্বিতীয় দফায়ও অনুমতি না পাওয়ায় প্রণালির কাছাকাছি নোঙর করে থাকতে হয় জাহাজটিকে। তবে সর্বশেষ নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর অবশেষে কেটে গেছে দীর্ঘ অনিশ্চয়তা।

জাহাজটির প্রধান প্রকৌশলী রাশেদুল হাসান জানান, হরমুজ পার হওয়ার পর জাহাজটি দক্ষিণ আফ্রিকার কেপটাউন বন্দরের দিকে রওনা দেবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪