রিপোর্টার্স২৪ ডেস্ক: হরমুজ প্রণালিতে আটকে পড়া বাংলাদেশ শিপিং করপোরেশনের মালিকানাধীন জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ দ্রুত ফেরাতে কূটনৈতিক চ্যানেলে সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে চট্টগ্রামের ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে ২৮তম ব্যাচের প্রশিক্ষণার্থী রেটিংসদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, জাহাজটিতে প্রায় ৩৫ জন নাবিক রয়েছেন। তারা সবাই নিরাপদে আছেন এবং তাদের মনোবল চাঙা রাখা হয়েছে। একই সঙ্গে তাদের পরিবারের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।
তিনি বলেন, জাহাজ ফেরানোর বিষয়ে কূটনৈতিকভাবে সব ধরনের কাজ চলমান রয়েছে। তারা দ্রুতই দেশে ফিরে আসবেন বলে আমরা আশাবাদী।
পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করে নৌপরিবহনমন্ত্রী বলেন, কোনো সংকট একক কোনো রোডম্যাপ অনুযায়ী সমাধান হয় না। বাস্তব পরিস্থিতির ওপর নির্ভর করে প্রতিনিয়ত সিদ্ধান্ত নিতে হয়। যখন কোনো নতুন প্রতিবন্ধকতা তৈরি হয়, সেটি মোকাবিলায় দপ্তরগুলো ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে, বলেন তিনি।
তিনি আরও বলেন, এ ধরনের পরিস্থিতিতে রাষ্ট্রীয় ক্ষতির বিষয়টি মাথায় রেখেই সরকার সর্বোচ্চ সতর্কতার সঙ্গে পদক্ষেপ নিচ্ছে।
এদিকে নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি অপারেটরদের কাছে হস্তান্তরের বিষয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মন্ত্রী। তিনি জানান, বিষয়টি এখনো প্রাথমিক বিশ্লেষণ পর্যায়ে রয়েছে।
মন্ত্রী বলেন, আমরা বিভিন্ন দিক থেকে বিষয়টি পর্যালোচনা করছি। দেশের স্বার্থ, বন্দরের নিরাপত্তা, প্রযুক্তিগত সক্ষমতা এবং দীর্ঘমেয়াদি সুফল সবকিছু বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও বলেন, যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, তা দেশ ও জনগণের আস্থা বজায় রেখেই নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/ঝুম