নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) বেলা ১১টার দিকে তিনি উদ্বোধন করেন।
এসময় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি, বগুড়া জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা এমপি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন এমপিসহ বগুড়ার পাঁচ আসনের সংসদ সদস্যগণ উপস্থিত ছিলেন। নতুন ভবনের ফলক উন্মোচনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান দোয়া মোনাজাতে অংশ নেন এবং পরে তিনি সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা সফরে রয়েছেন। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান।এর আগে, সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি বগুড়ার উদ্দেশ্যে রওনা দেন।সোমবার সকাল ১০টার দিকে তাকে বহনকারী গাড়িবহর বগুড়া সার্কিট হাউজে পৌঁছে।
প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। ডা. জুবাইদা রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সালমা আক্তার।
বিকাল ৪টায় শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান। জনসভা শেষে তিনি বগুড়া প্রেস ক্লাবের নতুন ভবন ও বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্র্নিমাণ কাজের উদ্বোধন করবেন।কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে রওনা দেবেন। পথে সন্ধ্যা সাড়ে ৬টায় বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে যাত্রাবিরতি করবেন তিনি।
রিপোর্টার্স ২৪/ এম এইচ