স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর আইনজীবীর সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তবে মামলাকে ঘিরে অনৈতিক লেনদেনের অভিযোগের বিষয়ে এখনো পূর্ণাঙ্গ তথ্য-প্রমাণ মেলেনি বলেও তিনি জানান।
মঙ্গলবার (২১ এপ্রিল) নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, কয়েকজন প্রসিকিউটরের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্তে গঠিত ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি কাজ করছে। ফজলে করিম চৌধুরীর আইনজীবীর সঙ্গে তৎকালীন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের কথোপকথনের বিষয়ে নিশ্চিত প্রমাণ পাওয়া গেছে।
তবে মামলার আসামিপক্ষকে অনৈতিক সুবিধা দেওয়ার বিনিময়ে অর্থ দাবি করা হয়েছিল—এমন অভিযোগের পক্ষে এখনো প্রমাণ মেলেনি বলে জানান তিনি। এ বিষয়ে কমিটির তদন্ত চলমান রয়েছে।
গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, জুলাই গণ-অভ্যুত্থানের সময় চট্টগ্রাম শহরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলার আসামি চট্টগ্রাম-৬ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী। মামলায় তাকে জামিনে মুক্তি পাইয়ে দিতে পরিবারের কাছে এক কোটি টাকা চাওয়ার অভিযোগও উঠেছে পদত্যাগ করা প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে। এ বিষয়ে হোয়াটসঅ্যাপ কথোপকথনের একাধিক অডিও রেকর্ডিং থাকার কথাও বলা হয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি