| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সম্পূর্ণ বন্ধ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৩, ২০২৬ ইং | ১৮:৫৩:৫০:অপরাহ্ন  |  ৫১২ বার পঠিত
যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সম্পূর্ণ বন্ধ
ছবির ক্যাপশন: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র-এর বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। কয়লার সঙ্গে পাথর মিশে আসায় বয়লারের পাইপ ফেটে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (২২ এপ্রিল) রাত প্রায় ১০টার দিকে ১২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিটটি বন্ধ হয়ে যায়। এর আগে থেকেই কেন্দ্রটির বাকি দুটি ইউনিট অচল ছিল। ফলে একমাত্র সচল ইউনিটটি বন্ধ হয়ে যাওয়ায় কেন্দ্রটির উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে।

কেন্দ্রটির তিনটি ইউনিটই বন্ধ থাকায় দিনাজপুরসহ দেশের উত্তরাঞ্চলের অন্তত আটটি জেলায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটছে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রটির প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান, কয়লার সঙ্গে পাথর প্রবেশ করায় ১ নম্বর ইউনিটের বয়লার পাইপ ফেটে যায়। এতে রাত ১০টা ১০ মিনিটের দিকে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়।

তিনি আরও জানান, বর্তমানে মেরামত কাজ চলছে এবং পুনরায় উৎপাদন চালু করতে প্রায় ৪ থেকে ৫ দিন সময় লাগতে পারে।

কেন্দ্র সূত্রে জানা গেছে, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের মোট তিনটি ইউনিট রয়েছে, যার সম্মিলিত উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় ইউনিটের ক্ষমতা ১২৫ মেগাওয়াট করে এবং তৃতীয় ইউনিটের ক্ষমতা ২৭৫ মেগাওয়াট।

তবে ১২৫ মেগাওয়াট ক্ষমতার দ্বিতীয় ইউনিটটি ২০২০ সালের নভেম্বর থেকে বন্ধ রয়েছে। এছাড়া ২৭৫ মেগাওয়াট ক্ষমতার তৃতীয় ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কারণে গত বছরের ১ নভেম্বর থেকে বন্ধ রয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪