| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তীব্র গরমে পুড়ছে দেশ, স্বস্তি মিলতে পারে সন্ধ্যায়

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৪, ২০২৬ ইং | ১০:৪৭:১৯:পূর্বাহ্ন  |  ৯৬৬৫৮ বার পঠিত
তীব্র গরমে পুড়ছে দেশ, স্বস্তি মিলতে পারে সন্ধ্যায়

রিপোর্টার্স২৪ ডেস্ক: তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে উঠেছে দেশের জনজীবন। রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে শুক্রবার (২৪ এপ্রিল) গরমের তীব্রতা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। তবে সন্ধ্যার পর কিছুটা স্বস্তি ফিরতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।

সকালে আকাশ আংশিক মেঘলা থাকলেও তাপমাত্রা ছিল প্রায় ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা দ্রুত বাড়তে শুরু করে। আবহাওয়াবিদদের মতে, দুপুরের দিকে তা ৩৮ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। বাতাসে আর্দ্রতার মাত্রা বেশি থাকায় গরমের তীব্রতা আরও বাড়বে, ফলে ভ্যাপসা আবহাওয়া বিরাজ করতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, সন্ধ্যার পর আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে এবং রাতের তাপমাত্রা ২৭ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেশের কিছু অঞ্চলে বিচ্ছিন্নভাবে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে, যা সাময়িক স্বস্তি এনে দিতে পারে।

এদিকে পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহের প্রভাব সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে। রাজশাহী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া যশোর, চুয়াডাঙ্গাসহ আশপাশের জেলাগুলোতেও তাপমাত্রা ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অবস্থান করছে। ফলে এসব এলাকায় জনজীবনে চরম অস্বস্তি বিরাজ করছে।

অন্যদিকে দেশের উত্তর-পূর্ব ও উত্তরাঞ্চলে তুলনামূলকভাবে কিছুটা স্বস্তিদায়ক আবহাওয়া বিরাজ করছে। সিলেট ও কুড়িগ্রাম অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে প্রায় ১৯ ডিগ্রি সেলসিয়াসে। এসব এলাকায় আকাশে মেঘের উপস্থিতি ও সম্ভাব্য বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা তুলনামূলক সহনীয় রয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, দেশের পশ্চিমাঞ্চলে চলমান তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলে মেঘ ও বৃষ্টির প্রভাব থাকায় তাপমাত্রা তুলনামূলক কম থাকতে পারে। ফলে আগামী কয়েকদিন সারাদেশে আবহাওয়ার এই বৈচিত্র্য অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪