চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম বন্দরে ভিড়ছে একের পর জ্বালানিবাহী জাহাজ। বৃহস্পতিবার বিকাল ও আজ সকালে ৬৮ হাজার ৪৫০ টন ডিজেল নিয়ে এসেছে দুটি জাহাজ। এছাড়া আজ বিকালে জেট ফুয়েল নিয়ে আসবে আরও একটি জাহাজ। বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে তাইওয়ান থেকে ৩৩ হাজার ৪০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসেছে পাকিস্তানি পতাকাবাহী জাহাজ এমটি কোয়েটা।
এছাড়া শুক্রবার(২৪এপ্রিল) সকালে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ৩৫ হাজার ৫৫ টন ডিজেল নিয়ে ভিড়েছে পানামার পতাকাবাহী জাহাজ প্রাইভ এঞ্জেল। দৈনিক ১২ হাজার ৭০০ টন চাহিদা হিসেবে দেশে পাঁচ দিনের বেশি ডিজেলের চাহিদা মেটানো যাবে।
অন্যদিকে শুক্রবার বিকালে দক্ষিণ কোরিয়া থেকে ৩৪ হাজার ৬০০ টন জেট ফুয়েল নিয়ে ভিড়বে জিং টং ৭৯৯ নামের চীনা পতাকাবাহী আরেকটি জাহাজ। দৈনিক ২ হাজার ৫০০ টন চাহিদা হিসেবে এই জেট ফুয়েল দিয়ে চলা যাবে প্রায় ১৪ দিন।
বিষয়টি নিশ্চিত করে জাহাজগুলোর স্থানীয় শিপিং এজেন্ট প্রাইড শিপিং লাইনসের স্বত্বাধিকারী নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকালে ভেড়া জাহাজ থেকে লাইটারিং এর মাধ্যমে ডিজেল খালাস শুরু হয়েছে। তবে মজুদ কম থাকায় জেট ফুয়েলবাহী জাহাজ থেকে আগে জ্বালানি খালাস করে পরে সকালে পৌঁছানো ডিজেলবাহী জাহাজ থেকে খালাস কার্যক্রম শুরু করা হবে।
তিনি আরও জানান, বর্তমানে বহির্নোঙরে চারটি জাহাজ অপেক্ষমান আছে। জাহাজ বড় হওয়ায় বন্দরের ডলফিন জেটিতে ভেড়ানো সম্ভব হচ্ছে না। ফলে কুতুবদিয়া এঙ্করেজ থেকে ছোট ভেসেল দিয়ে লাইটারিং করা হচ্ছে।
রিপোর্টার্স২৪/এম এইচ