রিপোর্টার্স২৪ ডেস্ক: অপরিশোধিত জ্বালানি তেল আমদানিতে অতিরিক্ত ব্যয়ের প্রভাব সাধারণ ভোক্তা পর্যায়ে পড়বে না- এমন মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে সিলেটের বাসিয়া খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সৌদি আরব থেকে তুলনামূলক বেশি দামে জ্বালানি আমদানির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে দেশে জ্বালানি তেল ও গ্যাসের মজুত বাড়ানো হচ্ছে। পাশাপাশি এ খাতে প্রয়োজনীয় অবকাঠামো ও সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি আরও বলেন, ভারত, নেপাল ও পাকিস্তানের জ্বালানি তেলের দাম বাংলাদেশের চেয়েও বেশি। ফলে এই মূল্যবৃদ্ধি মূল্যস্ফিতে বাড়তি উপাদান যোগ করবে না।
মন্ত্রী আরও বলেন, বৈশ্বিক বিভিন্ন পরিস্থিতির কারণে জ্বালানি খাতে দেশ প্রায়ই চাপে পড়ে। এ অবস্থা থেকে উত্তরণে সরকার অগ্রাধিকার ভিত্তিতে সংরক্ষণ সুবিধা নির্মাণে কাজ করছে। এছাড়া, এলএনজি আমদানি সক্ষমতা বাড়াতে নতুন টার্মিনাল নির্মাণের জন্য জ্বালানি মন্ত্রণালয় শিগগিরই টেন্ডার আহ্বান করবে বলেও জানান তিনি।
এর আগে বাসিয়া খাল পরিদর্শন করেন তিনি। আগামী ২ মে প্রধানমন্ত্রী তারেক রহমান খালটির খননকাজের উদ্বোধন করবেন।
এ সময় উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমেদ চৌধুরী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলমসহ রাজনৈতিক ও প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা।
রিপোর্টার্স২৪/ঝুম