| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১১ দলের ‘প্যাকেজ কর্মসূচি’, দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৪, ২০২৬ ইং | ১৭:৫৮:০১:অপরাহ্ন  |  ২৭৭ বার পঠিত
১১ দলের ‘প্যাকেজ কর্মসূচি’, দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

স্টাফ রির্পোটার: গণভোটের রায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সংসদে জোরালো আলোচনার পাশাপাশি রাজপথে আন্দোলনে নেমেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। 

ঢাকায় পরপর দুই দিন দুটি বড় মহাসমাবেশের প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলামী ও বাংলাদেশ খেলাফত মজলিস সহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা জানান, সংসদে সক্রিয় থাকার পাশাপাশি রাজপথে আন্দোলনের মূল উদ্দেশ্য হলো রাজনৈতিক চাপ বাড়ানো এবং গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করা। তাদের দাবি, রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ধাপে ধাপে কর্মসূচির তীব্রতা বাড়ানো হবে। পরিস্থিতি বুঝে হরতাল-অবরোধের মতো কঠোর কর্মসূচির দিকে যাওয়ার বিষয়েও জোটের অভ্যন্তরে আলোচনা চলছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় জোটের সমন্বয়ক ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, গত ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পাশাপাশি ‘জুলাই সনদ’ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হয়, যেখানে ৭০ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে রায় দেয়। নিয়ম অনুযায়ী নির্বাচিত সদস্যদের সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দুটি শপথ নেওয়ার কথা থাকলেও বিএনপির সদস্যরা দ্বিতীয় শপথটি নেননি। ফলে সংবিধান সংস্কার পরিষদ গঠন প্রক্রিয়া থমকে আছে।

তিনি আরও অভিযোগ করেন, বিএনপি ক্ষমতায় গিয়ে জুলাই সনদের প্রতিশ্রুতি ভঙ্গ করছে, যা দেশে রাজনৈতিক ও সাংবিধানিক সংকট তৈরি করছে। তবে বিএনপির দাবি, তারা সনদের অধিকাংশ বিষয় বাস্তবায়ন করছে; কেবল কিছু বিশেষ ইস্যুতে (নোট অব ডিসেন্ট) আরও সময় নিতে চায় তারা। সেই সঙ্গে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই ধাপে ধাপে সাজানো ‘প্যাকেজ আন্দোলন’ চলতেই থাকবে। সরকার যদি গণভোটের ফলাফল বাস্তবায়ন না করে,বিএনপি যদি পরিবর্তন না চায় এবং পূর্ববর্তী সরকারের মতো আচরণ করে, তবে জনরোষের মুখে সরকার শান্তিতে থাকতে পারবে না। ১১দলীয় জোট মহাসমাবেশসহ হরতালের মতো আরও কঠোর কর্মসূচির ডাক দেবে বলে জানান দলটির এই নেতা।

একই সুরে কথা বলেছেন ১১ দলীয় ঐক্যে জোটের অন্যান্য শীর্ষ নেতারা,

এ প্রসঙ্গে খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক বলেন, দুর্ভাগ্যজনকভাবে জনগণের সেই রায় বাস্তবায়ন না করে এখন একধরনের তামাশা শুরু হয়েছে। তাই গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতেই আমরা এই গণসমাবেশের ডাক দিয়েছি। আশা করি, মানুষের দাবি আদায়ে এই সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আগামীকাল শনিবার (২৫ এপ্রিল) ঢাকায় ‘জাতীয় সমাবেশ’-এর ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সকাল ১০টায় শুরু হতে যাওয়া এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জুলাই বিপ্লবের আট শতাধিক শহীদ পরিবার, আহত সদস্য এবং হাজারো ‘জুলাই যোদ্ধা’র উপস্থিতিতে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া ১১ দলীয় জোটের শীর্ষ নেতাদেরও আমন্ত্রিত অতিথি হিসেবে রাখা হয়েছে, যাতে সমাবেশটি একটি সর্বদলীয় রূপ পায়।

রিপোর্টার্স২৪/ফয়সাল

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪