রিপোর্টার্স২৪ ডেস্ক: গ্যাসচালিত পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন, রেল ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ভাড়া বৃদ্ধি কেবল ডিজেলচালিত বাসের ক্ষেত্রেই প্রযোজ্য, গ্যাসচালিত যানবাহনে নয়।
শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, তেলের দামের সঙ্গে সমন্বয় করেই বাসভাড়া নির্ধারণ করা হয়েছে। যদি তেলের দাম কমে যায়, কোনো আলোচনা ছাড়াই ভাড়া কমিয়ে আনা হবে। এ সময় তিনি আরও যোগ করেন, শুধু ডিজেলচালিত বাসেই ভাড়া বাড়বে, গ্যাসচালিত পরিবহন বাড়তি ভাড়া নিতে পারবে না।
তেলের দাম বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর কোনো চাপ নেই। বরং বাস্তব পরিস্থিতির কারণে সরকারকে এ সিদ্ধান্ত নিতে হয়েছে। পাচার রোধ ও ভর্তুকির চাপ কমাতেই তেলের দাম সমন্বয় করা হয়েছে, বলেন তিনি।
রাজধানীর যানজট ও শৃঙ্খলা প্রসঙ্গে মন্ত্রী জানান, সড়কে অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল নিয়ন্ত্রণে আনা হবে। ধাপে ধাপে রাজধানীর প্রধান সড়কগুলো থেকে অটোরিকশা চলাচল সীমিত করার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
সব মিলিয়ে, জ্বালানির মূল্য সমন্বয়ের প্রভাব যাতে সাধারণ যাত্রীদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি না করে, সে বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে ইঙ্গিত দেন সড়কমন্ত্রী।
রিপোর্টার্স২৪/ঝুম