স্টাফ রির্পোটার: এনসিপি নেতারা জানিয়েছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের লক্ষ্যে আগামী ৩০ এপ্রিল উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়র পদে দলীয় প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রথম ধাপে ১০০ জনের একটি তালিকা প্রকাশ করা হবে। প্রার্থীদের যোগ্যতা, জনপ্রিয়তা এবং মাঠপর্যায়ের সাংগঠনিক অবস্থান বিবেচনা হবে বলে দলীয় সূত্রে নিশ্চিত করেছেন।
এদিকে, গত ২৯ মার্চ রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপি’র অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে পাঁচ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করেন সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ঘোষণা অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে লড়বেন এনসিপি’র মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। এছাড়া, কুমিল্লা সিটি কর্পোরেশনে প্রার্থী করা হয়েছে জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলামকে, রাজশাহী সিটি কর্পোরেশনে মহানগর এনসিপি’র আহ্বায়ক মো. মোবাশ্বের আলী এবং সিলেট সিটি কর্পোরেশনে মেয়র পদে লড়বেন মহানগর এনসিপি’র আহ্বায়ক আবদুর রহমান আফজাল।
এনসিপি’র মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আসন্ন নির্বাচন প্রসঙ্গে বলেন, সামনেই স্থানীয় সরকার নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টি জাতীয় নির্বাচনে অর্জিত সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে চায়। মানুষের মধ্যে আমাদের জন্য যে অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসা রয়েছে, তাকে ভোটে রূপান্তর করার এটাই সময়। আমরা যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, তার প্রতিফলন ঘটাতে হবে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা, জেলা পরিষদ এবং সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে।
রিপোর্টার্স২৪/ফয়সাল