| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাবেক শিক্ষা উপমন্ত্রী মিলন মারা গেছেন

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৬, ২০২৬ ইং | ১১:৫৯:১১:পূর্বাহ্ন  |  ১৬৪০ বার পঠিত
সাবেক শিক্ষা উপমন্ত্রী মিলন মারা গেছেন

রিপোর্টার্স২৪ ডেস্ক: মানিকগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।

রোববার (২৬ এপ্রিল) ভোরে রাজধানী ঢাকার নিজ বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে দ্রুত রাজধানীর পপুলার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ জোহরের নামাজের পর মানিকগঞ্জের সিংগাইর হাইস্কুল মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ মাগরিব রাজধানীর নাজিমুদ্দিন রোডের কবিরাজ জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।

গোলাম সারোয়ার মিলন দেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন সক্রিয় ছিলেন। তিনি ১৯৮১-৮২ মেয়াদে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রথম নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ছাত্রজীবনের শুরুতে তিনি ভাসানী-ন্যাপ সমর্থিত বাম ছাত্র সংগঠন জাতীয় ছাত্রদলের সঙ্গেও যুক্ত ছিলেন।

পরবর্তীতে ১৯৮৬ সালে তিনি জাতীয় পার্টিতে যোগ দেন এবং দলটির প্রেসিডিয়াম সদস্য হিসেবে মনোনীত হন। তৃতীয় ও চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে তৎকালীন মানিকগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের মন্ত্রিসভায় শিক্ষা উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

২০০৭ সালের আলোচিত ওয়ান-ইলেভেন পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি ফেরদৌস আহমেদ কোরেশীর নেতৃত্বাধীন প্রগতিশীল গণতান্ত্রিক দলে (পিডিপি)-তে যোগ দেন। তবে পরবর্তীতে আবারও জাতীয় পার্টিতে ফিরে আসেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বিকল্পধারায় যোগ দিয়ে মানিকগঞ্জ-২ আসন থেকে ‘কুলা’ প্রতীক নিয়ে নির্বাচন করেন, তবে তিনি নির্বাচনে পরাজিত হন।

ব্যক্তিজীবনে গোলাম সারোয়ার মিলন স্ত্রী, এক মেয়ে, এক ছেলে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪