| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মোহাম্মদপুরে ৯ হত্যা

নানক-তাপসসহ ২৮ আসামির অভিযোগ গঠন শুনানি আজ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৬, ২০২৬ ইং | ১৩:৪৪:৫০:অপরাহ্ন  |  ১১৯২ বার পঠিত
নানক-তাপসসহ ২৮ আসামির অভিযোগ গঠন শুনানি আজ

রিপোর্টার্স২৪ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় ২৮ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ অনুষ্ঠিত হচ্ছে।

রোববার (২৬ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আজকের শুনানিতে প্রথমে অভিযোগ গঠনের পক্ষে বক্তব্য উপস্থাপন করবে প্রসিকিউশন। এরপর আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগ থেকে অব্যাহতি (ডিসচার্জ) চেয়ে তাদের যুক্তি তুলে ধরবেন।

এর আগে গত ১৫ এপ্রিল এ বিষয়ে শুনানি নির্ধারিত থাকলেও প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে তা পিছিয়ে আজকের তারিখ নির্ধারণ করা হয়। সেদিন প্রসিকিউশন পক্ষ সময় চেয়ে আবেদন করলে আদালত এক সপ্তাহ সময় মঞ্জুর করে নতুন তারিখ নির্ধারণ করে।

মামলার নথি অনুযায়ী, এ ঘটনায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ মোট ২৮ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে চারজন বর্তমানে গ্রেপ্তার রয়েছেন। গ্রেপ্তারকৃতরা হলেন নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক এবং ফজলে রাব্বি।

এছাড়া পলাতক আসামিদের মধ্যে রয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপস, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার এবং ডিএনসিসির ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম রাষ্ট্রন। তাদের পক্ষে রাষ্ট্রীয়ভাবে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে চলতি বছরের ১৮ জানুয়ারি প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে আদালত ২৮ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে সহিংসতা চালায়। আসামিদের উসকানি, প্ররোচনা এবং প্রত্যক্ষ বা পরোক্ষ উপস্থিতিতে আন্দোলনরত নিরীহ ছাত্র-জনতার ওপর গুলি চালানো হয়। এতে মাহমুদুর রহমান সৈকত, ফারহান ফাইয়াজসহ ৯ জন নিহত হন এবং আরও অনেকে আহত হন।

মামলাটি ঘিরে রাজনৈতিক ও আইনি অঙ্গনে ব্যাপক গুরুত্ব তৈরি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪