রিপোর্টার্স২৪ ডেস্ক: মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনাকে কৌশলে ভুলিয়ে দেওয়ার কোনো প্রচেষ্টা কখনোই সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি বলেন, মুক্তিযুদ্ধ এ দেশের মানুষের রক্তের ইতিহাস। ৩০ লাখ শহীদের আত্মত্যাগ এবং দুই লাখ মা-বোনের ত্যাগ কোনোভাবেই ভোলার নয়। কেউ যদি কৌশলে এই ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে, জাতি তা প্রতিহত করবে।
রোববার (২৬ এপ্রিল) জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ১৫১ সদস্যবিশিষ্ট নবগঠিত কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ বর্তমান সংকট কাটিয়ে উঠবে বলে তিনি আশাবাদী। তিনি আরও জানান, নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার জনগণের কাছে জবাবদিহিমূলক এবং ইতোমধ্যে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। নবগঠিত সংগঠনটি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি জানান, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম সংগঠনটি সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে বিস্তৃত করার পরিকল্পনা নিয়েছে। তার মতে, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধীনতার চেতনা ও সাহসিকতার বার্তা পৌঁছে দিতে এ সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মুক্তিযোদ্ধাদের বয়স বৃদ্ধির কারণে তরুণদের মাধ্যমে ইতিহাস সংরক্ষণ ও প্রচারের ওপর তিনি গুরুত্ব দেন।
জ্বালানি সংকট প্রসঙ্গে রিজভী বলেন, এটি কেবল বাংলাদেশের নয়, বরং বৈশ্বিক প্রভাবের ফল। তবে এই সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে তিনি মত দেন। ছাদভিত্তিক সোলার প্যানেল ব্যবহারে কর-সুবিধা বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, এতে বিদ্যুতের চাহিদা পূরণের পাশাপাশি বৈদেশিক নির্ভরতা কমবে।
স্বাস্থ্য খাত নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, প্রতিরোধযোগ্য রোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি নেওয়া জরুরি। জনগণের চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাবিষয়ক প্রতিমন্ত্রী ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সভাপতি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাতসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/ঝুম