| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, পাস ১৫ : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৬, ২০২৬ ইং | ১৪:৩৮:৩৩:অপরাহ্ন  |  ১৪২১ বার পঠিত
একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, পাস ১৫ : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উত্থাপিত ১৭টি প্রকল্পের মধ্যে ১৫টি প্রকল্প অনুমোদন পেয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।

রোববার (২৬ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে একনেক সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। এর আগে প্রধানমন্ত্রীর তারেক রহমানের সভাপতিত্বে ২০২৫-২৬ অর্থবছরের একনেকের ১০ম সভা অনুষ্ঠিত হয়।

প্রতিমন্ত্রী বলেন, আজকের সভায় ১৭টি প্রকল্প উপস্থাপন করা হয়। এর মধ্যে ১৫টি প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং অধিকাংশ প্রকল্পই অনুমোদিত হয়েছে। কিছু প্রকল্প শর্তসাপেক্ষে অনুমোদন দেওয়া হয়েছে, কিছু ক্ষেত্রে বিভিন্ন পর্যবেক্ষণ ও মন্তব্য রয়েছে।

তিনি আরও বলেন, আগের একটি সিদ্ধান্ত অনুযায়ী চলমান এবং পূর্বে প্রস্তাবিত প্রকল্পগুলো পুনর্মূল্যায়ন বা রিভিউ করা হচ্ছে। অনেক প্রকল্প এমন অবস্থায় রয়েছে যেগুলোর প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠছে।

জোনায়েদ সাকি জানান, প্রকল্প বাস্তবায়নে ব্যয় নিয়ন্ত্রণ ও সাশ্রয় নিশ্চিত করার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা অত্যন্ত স্পষ্ট। তিনি বলেন, কোন খাতে ব্যয় হচ্ছে, তা যৌক্তিক কি না এসব বিষয়ে কঠোরভাবে যাচাই-বাছাই করতে বলা হয়েছে।

তিনি আরও বলেন, প্রকল্পগুলো জনগণের জীবনমান উন্নয়নে কতটা ভূমিকা রাখছে এবং সরকারের উন্নয়ন পরিকল্পনা ও নির্বাচনী ইশতেহারের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ এসব বিষয় গুরুত্ব দিয়ে মূল্যায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমসহ কমিটির সদস্য ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪