| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গত ৩ বছরে ৪০০ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৬, ২০২৬ ইং | ১৬:০১:২৩:অপরাহ্ন  |  ১৩১৮ বার পঠিত
গত ৩ বছরে ৪০০ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ

রিপোর্টার্স২৪ ডেস্ক: গত তিন বছরে দেশে প্রায় ৪০০টি তৈরি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। একই সঙ্গে আরও বহু কারখানা আর্থিকভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে সতর্ক করেছে সংগঠনটি।

রোববার (২৬ এপ্রিল) বিকেলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় এসব তথ্য তুলে ধরেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। সভায় এনবিআর চেয়ারম্যান ছাড়াও বিকেএমইএ, বিটিএমএ, বিজিএপিএমইএ ও বিজিবিএসহ বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

বিজিএমইএ সভাপতি বলেন, বৈশ্বিক মন্দা, ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং শুল্ক নীতির প্রভাবে দেশের তৈরি পোশাক খাত বর্তমানে কঠিন সময় পার করছে। এর ফলে রপ্তানি আয়ও নিম্নমুখী হয়েছে। তিনি জানান, ২০২৫-২৬ অর্থবছরের ফেব্রুয়ারিতে আগের বছরের একই সময়ের তুলনায় পোশাক রপ্তানি আয় ৩.৭৩ শতাংশ কমেছে।

তিনি আরও বলেন, ২০২৫ সালের আগস্ট থেকে রপ্তানি ধারাবাহিকভাবে কমছে, যার ফলে অনেক কারখানা পূর্ণ সক্ষমতায় উৎপাদন চালাতে পারছে না। এতে স্থায়ী ব্যয়ের চাপ বেড়ে যাচ্ছে এবং সামগ্রিকভাবে উৎপাদন ব্যয়ও বৃদ্ধি পাচ্ছে।

প্রাক-বাজেট আলোচনায় বিজিএমইএ কয়েকটি নীতি সহায়তার প্রস্তাব তুলে ধরে। এর মধ্যে রয়েছে—রপ্তানির বিপরীতে উৎসে কর ১ শতাংশ থেকে কমিয়ে ০.৬৫ শতাংশ নির্ধারণ এবং তা পাঁচ বছর বহাল রাখা, নগদ সহায়তার ওপর ১০ শতাংশ আয়কর কর্তন অব্যাহতি, সোলার পিভি সিস্টেমের কাঁচামালে শুল্ক সুবিধা প্রদান, এবং ইটিপিসহ বিভিন্ন কাঁচামালে শুল্ক সুবিধা দেওয়া।

সংগঠনটি জানায়, বর্তমানে পোশাক খাতে ঋণের সুদের হার ১২ থেকে ১৫ শতাংশে পৌঁছেছে। পাশাপাশি জ্বালানি খরচ ও নিরাপত্তা সংকটও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ২০১৭ থেকে ২০২৩ সালের মধ্যে গ্যাসের দাম ২৮৬ শতাংশ এবং গত পাঁচ বছরে বিদ্যুতের দাম ৩৩ শতাংশ বেড়েছে।

এছাড়া ২০২৪ সালে ন্যূনতম মজুরি ৫৬ শতাংশ বৃদ্ধি, বার্ষিক ইনক্রিমেন্ট ৯ শতাংশে উন্নীত হওয়া এবং চট্টগ্রাম বন্দরের ট্যারিফ ৪১ শতাংশ বৃদ্ধি পাওয়ায় উৎপাদন ব্যয় আরও বেড়েছে বলে জানায় বিজিএমইএ। একই সময়ে রপ্তানি প্রণোদনাও ধাপে ধাপে প্রায় ৬০ শতাংশ কমানো হয়েছে বলে উল্লেখ করা হয়।

বিজিএমইএ নেতারা মনে করেন, এসব চাপ অব্যাহত থাকলে দেশের অন্যতম প্রধান রপ্তানি খাত পোশাক শিল্প আরও ঝুঁকির মুখে পড়বে। তাই খাতটিকে টিকিয়ে রাখতে জরুরি ভিত্তিতে নীতি সহায়তা প্রয়োজন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪