স্টাফ রিপোর্টার: শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার হওয়া একই বিভাগের সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন এ আদেশ দেন।
এদিন তাকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা, বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী ইকবাল হোসেন।
আবেদনে বলা হয়, শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে ভুক্তভোগীর সঙ্গে আসামির ভিডিও কলে কথা হয়। বাদীর অভিযোগের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, আসামির প্ররোচনাতেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন। তদন্তের স্বার্থে ভবিষ্যতে আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার প্রয়োজন হতে পারে।
এছাড়া আসামির নাম-ঠিকানা যাচাই প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তাকে জেল হাজতে রাখা জরুরি। আসামিপক্ষের আইনজীবী ফুল মোহাম্মদ জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
রোববার (২৬ এপ্রিল) ভোরে উত্তর বাড্ডার একটি বাসা থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে বাড্ডা থানায় মামলা দায়ের করেন। মামলার পর একই দিন বিকেলে রাজধানীর উদয় ম্যানসন এলাকা থেকে সুদীপ চক্রবর্তীকে গ্রেপ্তার করে পুলিশ।
রিপোর্টার্স২৪/ধ্রুব