| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নে সহযোগিতা চাইলেন পরিবেশমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৮, ২০২৬ ইং | ০০:১১:৫৩:পূর্বাহ্ন  |  ৪৮১ বার পঠিত
পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নে সহযোগিতা চাইলেন পরিবেশমন্ত্রী

স্টাফ রিপোর্টার: পরিবেশ সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ এবং টেকসই উন্নয়ন জোরদারে বিশ্বব্যাংকের সঙ্গে সহযোগিতা আরও সম্প্রসারণে গুরুত্বারোপ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

সোমবার (২৭ এপ্রিল) রাজধানীতে মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে বিশ্বব্যাংকের ডিভিশনাল ডিরেক্টর জ্যঁ পেম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

বৈঠকে বাংলাদেশে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, বায়ু ও পানি দূষণ নিয়ন্ত্রণ, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং বিশ্বব্যাংকের অর্থায়নে চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি পরিবেশ অধিদপ্তরের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়েও মতবিনিময় করেন দুই পক্ষ।

বিশেষ করে বায়ু ও পানি দূষণ পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সম্ভাব্য ব্যবহার নিয়ে আলোচনা গুরুত্ব পায়। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের প্রযুক্তি ব্যবহারে দূষণের উৎস দ্রুত শনাক্ত করা এবং কার্যকর প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ সহজ হবে।

বৈঠকে মন্ত্রী বলেন, বিশ্বব্যাংকের সহায়তায় বাস্তবায়িত প্রকল্পগুলো দেশের পরিবেশ উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব প্রকল্প দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নে সরকার অগ্রাধিকার দিচ্ছে।

অন্যদিকে বিশ্বব্যাংকের ডিভিশনাল ডিরেক্টর জ্যঁ পেম বাংলাদেশে চলমান প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও সমন্বিত উদ্যোগ গ্রহণের আশা ব্যক্ত করেন। তিনি পরিবেশ খাতে বিনিয়োগ বাড়ানো এবং প্রযুক্তিনির্ভর সমাধান বাস্তবায়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান।

সাক্ষাৎকালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিশ্বব্যাংকের পরিবেশবিষয়ক বিশেষজ্ঞরাও উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪