| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিজিবির অভিযানে পাচার ও হত্যা কমেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৮, ২০২৬ ইং | ১৩:২৮:২৯:অপরাহ্ন  |  ৯৩৫ বার পঠিত
বিজিবির অভিযানে পাচার ও হত্যা কমেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

রিপোর্টার্স ২৪ ডেস্ক: গত বছরের তুলনায় সীমান্তে হত্যা প্রায় ৭৫ শতাংশ কমেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে সীমান্ত ব্যবস্থাপনায় প্রযুক্তিনির্ভর নজরদারি ও সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির ফলে একাধিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলেও তিনি দাবি করেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

তিনি বলেন, বর্তমান সরকারের কঠোর অবস্থান এবং আধুনিক প্রযুক্তিনির্ভর সীমান্ত ব্যবস্থাপনার কারণে গত দুই মাসে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। এর ফলে সীমান্তে অপরাধ দমনে অগ্রগতি হয়েছে, পাশাপাশি হত্যা ও সহিংসতার ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেছে।

ব্রিফিংয়ে তিনি জানান, সীমান্তে সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে গ্রেপ্তারের হার গত বছরের তুলনায় প্রায় ৭০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সময়ে মাদক ও চোরাচালান পণ্য জব্দ অভিযানের সাফল্য ৪০ শতাংশ বেড়েছে।

এ ছাড়া প্রায় ১ লাখ লিটার জ্বালানি তেল ডিজেল, অকটেন ও পেট্রোল পাচার রোধ করা হয়েছে বলে জানান তিনি, যা গত বছরের তুলনায় ৩৫ শতাংশ বেশি। মানবপাচার প্রতিরোধেও ২৫ শতাংশ উন্নতি হয়েছে বলে দাবি করেন উপদেষ্টা।

দেশে চলমান হাম-রুবেলা টিকাদান কর্মসূচি নিয়েও তিনি তথ্য দেন। ২৭ এপ্রিল সন্ধ্যা পর্যন্ত প্রায় ৯৪ লাখ ২৩ হাজার ৭৯৯ শিশু টিকা পেয়েছে বলে জানান তিনি।

বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ২৬ এপ্রিল দেশের সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা ছিল ১৪ হাজার ৩৫২ মেগাওয়াট, সরবরাহ ছিল ১২ হাজার ৪৮৭ মেগাওয়াট এবং ঘাটতি ছিল ১ হাজার ৮৬৫ মেগাওয়াট। ওই দিন সর্বোচ্চ লোডশেডিং হয়েছে ময়মনসিংহ জোনে, যা ছিল প্রায় ৩ ঘণ্টা।

পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প নিয়ে তিনি জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র-এর প্রথম ইউনিটের ফিজিক্যাল স্টার্টআপ বা ফুয়েল লোডিং উদ্বোধন করবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। এতে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

তিনি আরও জানান, ফুয়েল লোডিং শেষ হলে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর আগামী আগস্টের তৃতীয় সপ্তাহে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। ধাপে ধাপে ২০২৭ সালের মধ্যে দ্বিতীয় ইউনিটও চালু হবে।

দুটি ইউনিট চালু হলে দেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১০ শতাংশ পূরণ হবে এবং প্রায় ২ কোটি মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় আসবে বলেও তিনি উল্লেখ করেন।

জ্বালানি পরিস্থিতি নিয়ে তিনি জানান, বর্তমানে দেশে ১ লাখ ৭০ হাজার ৯৬৪ টন ডিজেল মজুত রয়েছে এবং আরও ১ লাখ ৮০ হাজার টন ডিজেল ৩০ এপ্রিলের মধ্যে দেশে পৌঁছাবে।

বিশ্লেষকদের মতে, সীমান্ত নিরাপত্তা ও জ্বালানি খাতে এমন অগ্রগতির দাবি সরকারের উন্নয়ন ও নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা তুলে ধরছে।


রিপোর্টার্স ২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪