রিপোর্টার্স ২৪ ডেস্ক: বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার উন্নয়নে মোট ১৯টি সুপারিশ করেছে ইউরোপীয় ইউনিয়ন-এর নির্বাচন পর্যবেক্ষণ মিশন। এর মধ্যে ছয়টি সুপারিশকে অগ্রাধিকারভিত্তিক হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন বাংলাদেশের সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে। অনুষ্ঠানে মিশনের প্রধান ইভার্স ইজাবস এসব সুপারিশ তুলে ধরেন।
প্রতিবেদনে বলা হয়, নির্বাচনে প্রার্থিতার অংশগ্রহণ, রাজনৈতিক দলের প্রতিশ্রুতি এবং আন্তর্জাতিক মানদণ্ডের আলোকে কিছু কাঠামোগত উন্নয়নের প্রয়োজন রয়েছে। তবে ভবিষ্যতে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে রাজনৈতিক দলগুলোর দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে মিশনটি জানায়, এ নির্বাচনে কোনো ধরনের ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ বা ভোট কারচুপির অভিযোগ তারা পায়নি। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গন ও পর্যবেক্ষক মহলে তাৎপর্যপূর্ণ আলোচনা শুরু হয়েছে।
এর আগে গত বছরের শেষ দিক থেকে ইইউ মিশন বাংলাদেশে অবস্থান করে নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণ করে। ভোটের দিন ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর পাশাপাশি কানাডা, নরওয়ে এবং সুইজারল্যান্ড থেকে আসা ২২৩ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক দেশের ৬৪টি জেলায় দায়িত্ব পালন করেন।
এর আগে ১৪ ফেব্রুয়ারি নির্বাচন-পরবর্তী একটি প্রাথমিক পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করেছিল মিশনটি।
বিশ্লেষকদের মতে, ইইউর এই মূল্যায়ন বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও ভবিষ্যৎ সংস্কার আলোচনায় নতুন মাত্রা যোগ করতে পারে।
রিপোর্টার্স ২৪/ঝুম