| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিরোধী দলকে সেতুমন্ত্রী

রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৯, ২০২৬ ইং | ১৪:১১:১৭:অপরাহ্ন  |  ১৩৩৯ বার পঠিত
রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিরোধী দলের সংসদ সদস্যদের সংসদীয় জ্ঞান ও শিষ্টাচার নিয়ে প্রশ্ন তুলে তাদের রাজনীতি শেখার পরামর্শ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, বিরোধী দলের সদস্যরা প্রায়ই জানেন না কোন বিধিতে কীভাবে কথা বলতে হয় বা কোন ইস্যুতে কীভাবে অবস্থান নিতে হয়। সংসদ নেতা তারেক রহমান-কে পুরো সংসদের নেতা হিসেবে উল্লেখ করে তিনি প্রস্তাব দেন, বিরোধী দলের সদস্যদের দক্ষ ও পরিপক্ব করে তুলতে প্রধানমন্ত্রীর সান্নিধ্যে বিশেষ কর্মশালার আয়োজন করা যেতে পারে, যাতে তারা সংসদীয় রীতিনীতি আয়ত্ত করতে পারেন।

বিরোধী শিবিরের সমালোচনা করে শেখ রবিউল আলম বলেন, ১৯৪১ সালে প্রতিষ্ঠিত একটি দল, যাদের জনগণ কখনও ভোটের মাধ্যমে ক্ষমতায় বসায়নি, তাদের মধ্যে হতাশা থাকা স্বাভাবিক। তিনি দাবি করেন, নির্বাচনের আগে নিজেদের কর্মকাণ্ডের জন্য যারা জনগণের কাছে ক্ষমা চাইতে বাধ্য হয়, তারা রাজনৈতিকভাবে ব্যর্থ।

তিনি আরও বলেন, জনগণকে বিভ্রান্ত করে কোনো লাভ নেই। ২০২৬ সালের নির্বাচনে দেশের মানুষ বিএনপিকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে এসব অপচেষ্টা প্রতিহত করেছে। জুলাই সনদ বাস্তবায়নের পক্ষেও জনগণের উল্লেখযোগ্য সমর্থন রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

নিজের রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, বর্তমান সংসদ কারও দয়ার দান নয়, বরং দীর্ঘ ১৭ বছরের সংগ্রামের ফল। তিনি দাবি করেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তিনি ১৯৩টি মামলার সম্মুখীন হয়েছেন, ৯ বার কারাভোগ করেছেন এবং গুম ও রিমান্ডের অভিজ্ঞতা সহ্য করেছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সংগ্রামের প্রশংসা করে তিনি বলেন, বহু ত্যাগের বিনিময়ে অর্জিত গণতন্ত্র কোনো ষড়যন্ত্রের মাধ্যমে নস্যাৎ হতে দেওয়া হবে না। বিরোধী দলকে উদ্দেশ করে তিনি আহ্বান জানান, জনসমর্থনহীন রাজনীতি পরিহার করে গঠনমূলক রাজনীতিতে ফিরে আসতে, অন্যথায় ইতিহাসের অন্তরালে হারিয়ে যেতে হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪