রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর বনানী এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে বহনকারী গাড়ির সঙ্গে একটি মিনিবাসের ধাক্কার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাসচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বনানী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান।
পুলিশ জানায়, মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৯টা ৫০ মিনিটের দিকে বনানীর বীর উত্তম জিয়াউর রহমান সড়কের আউটগোয়িং এলাকার চেয়ারম্যান বাড়ি ফুটওভার ব্রিজের নিচে ট্রাস্ট পরিবহনের একটি মিনিবাসের সঙ্গে প্রতিমন্ত্রীর গাড়ির সংঘর্ষ হয়। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসচালক ওমর ফারুক (২৫)–কে হেফাজতে নেয় এবং পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
এ ঘটনায় প্রতিমন্ত্রীর নিরাপত্তা কর্মকর্তা বাদী হয়ে বনানী থানায় একটি মামলা দায়ের করেছেন বলে জানিয়েছে পুলিশ।
রিপোর্টার্স২৪/ঝুম