রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর নিউমার্কেট এলাকায় শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ ওরফে নাইমুর হাসান টিটন হত্যাকাণ্ডের পেছনে আধিপত্য বিস্তার ও হাট ইজারা নিয়ে দ্বন্দ্বকে কারণ হিসেবে দেখছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
বুধবার (২৯ এপ্রিল) বিকেলে ডিএমপির সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। ইয়াবা ও গাঁজাসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধারের বিষয়ে আয়োজিত ওই ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি টিটন হত্যার বিষয়টি তুলে ধরেন।
তিনি বলেন, নিহত টিটন নিজেও একজন শীর্ষ সন্ত্রাসী ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। কারা জড়িত, তা শনাক্তে তদন্ত চলছে।
মামলার এজাহার প্রসঙ্গে তিনি জানান, মোহাম্মদপুরের বসিলার গরুর হাট ইজারা নিয়ে দ্বন্দ্বের বিষয়টি সামনে এসেছে। এ ঘটনায় পিচ্চি হেলাল ও কাইল্লা বাদলসহ কয়েকজনের নাম উল্লেখ রয়েছে। তাদের সংশ্লিষ্টতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে হাট ইজারা নিয়ে নতুন করে সহিংসতার আশঙ্কা আছে কি না। এমন প্রশ্নে শফিকুল ইসলাম বলেন, গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে বিষয়ে তথ্য সংগ্রহ ও তৎপরতা বাড়ানো হচ্ছে।
বিদেশে বসে হত্যার নির্দেশনার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজন হলে ইন্টারপোলের মাধ্যমেও ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়া মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)-এর চার সদস্য গ্রেপ্তারের বিষয়েও কথা বলেন তিনি। জানান, তাদের আদালতে পাঠানো হয়েছে এবং রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।
উগ্রবাদ প্রসঙ্গে তিনি বলেন, পরিস্থিতি মাথাচাড়া দিয়ে উঠেছে এমনটা বলা না গেলেও যারা এ ধরনের কার্যক্রমে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/ঝুম