স্টাফ রিপোর্টার: সংসদ অধিবেশন পরিদর্শন করতে আসা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বিনিময়ের সময় শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী বললেন, আমি নিজেও ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের সাবেক শিক্ষার্থী ছিলাম। আমার ছোট ভাই কোকোও রেসিডেন্সিয়ালের শিক্ষার্থী ছিলেন।
এ সময় প্রধানমন্ত্রী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে হাসিমুখে অটোগ্রাফ দেওয়ার পাশাপাশি ছবিও তোলেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংসদ অধিবেশন পরিদর্শন করতে আসেন প্রধানমন্ত্রীর সাবেক কলেজ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীরা। এ সময় তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৬ষ্ঠ থেকে একাদশ শ্রেণি পর্যন্ত বিভিন্ন শ্রেণির প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী সংসদ পরিদর্শনে আসেন।
সংসদ ভবনের শপথ কক্ষে শিক্ষার্থীরা আসনগ্রহণ করেন। এ সময় সংসদ ভবনের স্থাপত্যশৈলী এবং আইন প্রণয়ন সম্পর্কে তাদেরকে একটি সংক্ষিপ্ত উপস্থাপনা পরিবেশন করা হয়।
প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেন, আমি রেসিডেন্সিয়াল কলেজের শিক্ষার্থী ছিলাম এবং আমার ভাই আরাফাত রহমান কোকোও এই স্কুলের শিক্ষার্থী ছিল। এ সময় দেশ বিনির্মাণে শিক্ষার্থীদের উত্তরোত্তর সফলতা কামনা করেন তিনি। এরপর উপস্থিত ছাত্র এবং শিক্ষকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও ছবি তোলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উল্লেখ্য, শিশুদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এবং আইন প্রণয়ন সম্পর্কে ধারণা দিতে শিক্ষামন্ত্রী সংসদে শিশুদের জন্য বরাদ্দকৃত ৫০টি সিটসহ মোট ১৫০টি সিট বরাদ্দ করতে স্পিকারকে পত্র প্রদান করেন। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীরা নিয়মিত সংসদ পরিদর্শন করছেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব