| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১৭ জেলার জন্য সকর্তবার্তা, কালবৈশাখীর শঙ্কা

reporter
  • আপডেট টাইম: মে ০১, ২০২৬ ইং | ১১:১৪:২৭:পূর্বাহ্ন  |  ১৪৪৪ বার পঠিত
১৭ জেলার জন্য সকর্তবার্তা, কালবৈশাখীর শঙ্কা

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানী ঢাকাসহ দেশের ১৭টি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সর্বশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার (১ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত কার্যকর এই পূর্বাভাসে নদী অববাহিকায় বসবাসরত ও নৌপথে চলাচলকারীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট এলাকাগুলোতে হঠাৎ দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এদিকে, সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে, যা সম্ভাব্য বৈরী আবহাওয়ার পূর্বাভাসকেই আরও জোরালো করছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

ঝড়ো হাওয়ার আশঙ্কায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত (পুনরায় সতর্কসংকেত) দেখাতে বলা হয়েছে।

এর আগে, গতকাল প্রকাশিত আরেক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর জানায়, ৩০ এপ্রিল দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তারও বেশি বেগে ঝোড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এ সময় বজ্রপাতের পাশাপাশি কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় জনসাধারণকে অপ্রয়োজনে বাইরে বের না হওয়া এবং বিশেষ করে নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪