রিপোর্টার্স২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মে দিবস পালিত হলেও থেমে নেই দেশের খেটে খাওয়া মানুষের জীবনসংগ্রাম। সরকারি ছুটির এই দিনে বন্ধ রয়েছে অফিস-আদালত, কিন্তু জীবিকার তাগিদে ভোর হতেই রাজধানীর বিভিন্ন সড়কে কাজের সন্ধানে জড়ো হয়েছেন হাজারো শ্রমিক।
সূর্য ওঠার আগেই কাজের আশায় রাস্তায় দাঁড়িয়ে থাকা এসব শ্রমিকের চোখে-মুখে অনিশ্চয়তার ছাপ। কেউ কাজের ডাক দেবে এই আশায় অপেক্ষা, আর না পেলে খালি হাতে বাড়ি ফেরার শঙ্কা। শুক্রবার (১ মে) রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে এমন দৃশ্যই দেখা গেছে।
রাজধানীর বাড্ডা এলাকায় কথা হয় নির্মাণ শ্রমিক আবুল কালামের সঙ্গে। তিনি জানান, শ্রমিক দিবস সম্পর্কে জানলেও তাদের জন্য এ দিনটি অন্য দিনের মতোই। বৃষ্টিতে ভিজে এসে দাঁড়াইছি। কাজ পাইলে সন্ধ্যায় বাজার নিয়ে যেতে পারমু, না পাইলে খালি হাতে ফিরতে হয়, বলেন তিনি। রিকশা চালানোর চেষ্টা করেও নিয়মিত আয় করতে না পারার কথাও জানান এই শ্রমিক।
একই স্থানে কাজের সন্ধানে দাঁড়িয়ে ছিলেন কোহিনূর নামে এক নারী শ্রমিক। কাঁধে ছোট ব্যাগ, ভেতরে হাতুড়ি পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে প্রতিদিনই বের হন তিনি। কোহিনূর বলেন, স্বামী অ্যাক্সিডেন্ট করে ঘরে পড়ে আছে। বাসায় কোনো বাজার নাই। তিন দিন কাজ পাই নাই। আজও আইছি, দেখি কেউ নেয় কিনা। কাম না করলে খামু কী?
তার ছয় সদস্যের পরিবারের পুরো দায়িত্ব তার কাঁধে। শ্রমিক দিবস সম্পর্কে জানলেও বাস্তবতার কাছে তা যেন অর্থহীন হয়ে পড়ে বলে জানান তিনি।
আবুল কালাম কিংবা কোহিনূরের মতো হাজারো শ্রমিকের একই গল্প কাজ না করলে উপার্জন নেই, আর উপার্জন না হলে খাবারও নেই। দারিদ্র্য আর অনিশ্চয়তার এই চক্র থেকে বের হওয়ার পথ যেন অজানাই রয়ে গেছে তাদের কাছে।
রিপোর্টার্স২৪/ঝুম