| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

reporter
  • আপডেট টাইম: মে ০১, ২০২৬ ইং | ১২:১৩:৪৮:অপরাহ্ন  |  ২৮৬৬৩ বার পঠিত
ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

রিপোর্টার্স২৪ ডেস্ক: ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা-এর বাংলাদেশ নিয়ে সাম্প্রতিক মন্তব্যের প্রতিবাদে ঢাকায় ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করেছে সরকার।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ান বঢ়ে-কে ডেকে তার কাছে একটি আনুষ্ঠানিক প্রতিবাদপত্র হস্তান্তর করা হয়। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিকেল ৫টার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক ইশরাত জাহানের দপ্তরে ভারতীয় কূটনীতিককে ডেকে নিয়ে এ প্রতিবাদ জানানো হয়।

জানা যায়, চলতি মাসের মাঝামাঝি সময়ে একটি ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে আসামের মুখ্যমন্ত্রী বাংলাদেশ-ভারত সম্পর্ক এবং অবৈধ অনুপ্রবেশ প্রসঙ্গে কিছু মন্তব্য করেন, যা ঢাকার পক্ষ থেকে অবমাননাকর ও বিভ্রান্তিকর হিসেবে বিবেচনা করা হয়েছে। বিশেষ করে কথিত ‘পুশব্যাক’ বা অবৈধ অনুপ্রবেশকারী ফেরত পাঠানো সংক্রান্ত বক্তব্যকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ।

সাক্ষাৎকারে হিমন্ত বিশ্ব শর্মা দাবি করেন, অনিবন্ধিত সন্দেহভাজন ব্যক্তিদের ফেরত পাঠানোর ক্ষেত্রে অনেক সময় আনুষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ করা হয় না, বরং রাতের অন্ধকারে সীমান্ত এলাকায় তাদের ঠেলে দেওয়া হয় এমন মন্তব্যই মূলত বিতর্কের জন্ম দেয়।

এ ঘটনার পর ঢাকার পক্ষ থেকে বৈঠকে স্পষ্টভাবে জানানো হয়, এ ধরনের স্পর্শকাতর দ্বিপক্ষীয় বিষয়ে তথ্যপ্রমাণহীন বক্তব্য দুই দেশের সম্পর্কের জন্য সহায়ক নয়। যেকোনো অমীমাংসিত বিষয় বিদ্যমান আন্তর্জাতিক আইন ও দ্বিপক্ষীয় কাঠামোর মাধ্যমেই সমাধান করা উচিত বলে বাংলাদেশ মত প্রকাশ করে।

এছাড়া ভবিষ্যতে দুই দেশের সম্পর্ককে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে এমন মন্তব্য থেকে রাজনৈতিক ব্যক্তিদের বিরত থাকার আহ্বানও জানানো হয়েছে।

কূটনৈতিক মহল মনে করছে, সাম্প্রতিক এই ঘটনা দুই প্রতিবেশী দেশের মধ্যে সংবেদনশীল সম্পর্কের ক্ষেত্রে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪