| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শ্রমিকের অধিকার ও কল্যাণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মাহদী আমিন

reporter
  • আপডেট টাইম: মে ০১, ২০২৬ ইং | ১৫:১৮:৫৭:অপরাহ্ন  |  ১১০৭ বার পঠিত
শ্রমিকের অধিকার ও কল্যাণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মাহদী আমিন

রিপোর্টার্স২৪ ডেস্ক: আন্তর্জাতিক মান বজায় রেখে শ্রমিকের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।

শুক্রবার (১ মে) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন বলেন, বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থা-এর ৩৯টি কনভেনশন ও একটি প্রোটোকল অনুস্বাক্ষর করেছে। শ্রমিকদের জীবনমান উন্নয়ন, সময়মতো বেতন প্রদান, মজুরি পর্যালোচনা এবং নারী-পুরুষ সমান মজুরি নিশ্চিত করতে সরকার কাজ করছে।

তিনি আরও জানান, প্রবাসী শ্রমিকদের সুরক্ষায় প্রবাসী কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যা শ্রমিক কল্যাণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। বক্তব্যের শুরুতে তিনি ১৮৮৬ সালের শিকাগোর হে-মার্কেট আন্দোলনের শহীদ শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানান এবং বিশ্বের বিভিন্ন দেশে শ্রম অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন, তাদের স্মরণ করেন।

তিনি বলেন, শ্রমজীবী মানুষের কল্যাণে বিভিন্ন সময়ে নেওয়া উদ্যোগ অর্থনীতিকে শক্ত ভিত্তি দিয়েছে। বিশেষ করে প্রবাসী শ্রমবাজার সম্প্রসারণ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

মাহদী আমিন দাবি করেন, অতীত সরকারগুলোর সময় শ্রম আইন সংস্কার, ন্যূনতম মজুরি নির্ধারণ, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন গঠনসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে, যা গার্মেন্টসসহ শিল্প খাতে উন্নয়নে ভূমিকা রেখেছে।

তিনি বলেন, শ্রমিকই দেশের উন্নয়ন ও অর্থনীতির মূল চালিকাশক্তি। তাই তাদের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার।

অনুষ্ঠানে তিনি আরও বলেন, বর্তমান সরকার শ্রমিক, নারী ও যুব সমাজের ক্ষমতায়নকে বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীসহ বিভিন্ন দেশের প্রতিনিধি ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪