| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সৌদি পৌঁছেছেন ৪১৬২৯ বাংলাদেশি হজযাত্রী

reporter
  • আপডেট টাইম: মে ০২, ২০২৬ ইং | ১১:২২:২২:পূর্বাহ্ন  |  ২০৩৬ বার পঠিত
সৌদি পৌঁছেছেন ৪১৬২৯ বাংলাদেশি হজযাত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: চলতি বছরের হজ কার্যক্রমের অংশ হিসেবে এখন পর্যন্ত ১০৪টি ফ্লাইটে মোট ৪১ হাজার ৬২৯ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

শনিবার (২ মে) সকাল ১০টা পর্যন্ত এসব ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী হজযাত্রী পরিবহন কার্যক্রম অব্যাহত রয়েছে এবং এখন পর্যন্ত উল্লেখযোগ্য সংখ্যক যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

হজ বুলেটিনে জানানো হয়েছে, এ পর্যন্ত ৭ জন হজযাত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। এর মধ্যে পবিত্র মক্কায় ৫ জন এবং মদিনায় ২ জন মারা গেছেন।

এদিকে, সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি হজযাত্রীদের জন্য চিকিৎসাসেবা কার্যক্রমও জোরদার করা হয়েছে। সৌদি মেডিকেল টিম সরাসরি ৮ হাজার ১৫ জন হজযাত্রীকে চিকিৎসাসেবা দিয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে আরও ৯ হাজার ২৪০ জন চিকিৎসাসেবা পেয়েছেন বলে বুলেটিনে উল্লেখ করা হয়েছে।

পরিচালক আরও জানান, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। এ কার্যক্রম পরিচালনায় মোট ৬৬০টি এজেন্সি কাজ করছে, যার মধ্যে ৩০টি প্রধান এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে।

বিমান সংস্থাভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৪৯টি ফ্লাইটে ২০ হাজার ৬৬ জন, সৌদি এয়ারলাইনসের ৩৭টি ফ্লাইটে ১৪ হাজার ১৬ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ১৮টি ফ্লাইটে ৭ হাজার ৫৪৭ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

এর আগে, গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৮ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট (বিজি-৩০০১) জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪