| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বুথ থেকে টাকা উত্তোলনের প্রমাণ মিললেও খোঁজ নেই এসআই হাসানের

reporter
  • আপডেট টাইম: মে ০৩, ২০২৬ ইং | ১৭:০৬:৩৫:অপরাহ্ন  |  ৪১৯ বার পঠিত
বুথ থেকে টাকা উত্তোলনের প্রমাণ মিললেও খোঁজ নেই এসআই হাসানের

স্টাফ রিপোর্টার: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল হাসানের সন্ধানে কাজ করে যাচ্ছে পুলিশ। গত ২৭ এপ্রিল বিকেল থেকে নিখোঁজ থাকলেও ২৯ এপ্রিল একটি ব্যাংক বুথ থেকে পাঁচ হাজার টাকা উত্তোলনের প্রমাণ পেয়েছে পুলিশ।

রোববার (৩ মে) কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক এ তথ্য জানান।

তিনি বলেন, ২৯ এপ্রিল গুলিস্তান এলাকার একটি এটিএম বুথ থেকে ৫ হাজার টাকা উত্তোলনের তথ্য পাওয়া গেছে। তবে কে টাকা উত্তোলন করেছে, তা নিশ্চিত হতে বুথের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে।

ওসি আরও জানান, কী কারণে রাকিবুল হাসান পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ রেখেছেন, তা এখনো জানা যায়নি। নিখোঁজ হওয়ার পর থেকেই পুলিশও তার সঙ্গে যোগাযোগ করতে পারছে না।

পুলিশ জানায়, ২৭ এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে কলাবাগান থানাধীন কাঁঠালবাগান এলাকার একটি অস্থায়ী পুলিশ ব্যারাক থেকে সিভিল পোশাকে বের হয়ে যান তিনি। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইলফোনটিও বন্ধ রয়েছে। ওই রাতেই তার নাইট ডিউটিতে থাকার কথা ছিল।

রাকিবুল হাসানের বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার বাপতা গ্রামে। তার বাবার নাম মাইজ উদ্দিন সরকার। ব্যক্তিগত বর্ণনায় জানা গেছে, তার গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার, উচ্চতা প্রায় ৫ ফুট ৮ ইঞ্চি এবং চুল ছোট ও কালো।

এ ঘটনায় কলাবাগান থানা থেকে দেশের সব থানায় বেতার বার্তা পাঠিয়ে তার সন্ধান চাওয়া হয়েছে। কারও কাছে তথ্য থাকলে নিকটস্থ থানায় জানানোর অনুরোধ জানিয়েছে পুলিশ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪