| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্বর্ণময়ীর মৃত্যু: চূড়ান্ত প্রতিবেদনে আত্মহত্যার কারণ ‘পারিবারিক’

reporter
  • আপডেট টাইম: মে ০৩, ২০২৬ ইং | ২০:৩৯:১৭:অপরাহ্ন  |  ২৫৬ বার পঠিত
স্বর্ণময়ীর মৃত্যু: চূড়ান্ত প্রতিবেদনে আত্মহত্যার কারণ ‘পারিবারিক’

স্টাফ রিপোর্টার: অনলাইন সংবাদমাধ্যম ‘ঢাকা স্ট্রিম’-এর সংবাদকর্মী স্বর্ণময়ী বিশ্বাস পারিবারিক কারণে আত্মহত্যা করেছেন—এমন দাবি করে পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করেছেন আদালত। 

রাজধানীর নিজের বাসা থেকে গত বছরের ১৯ অক্টোবর স্বর্ণময়ী বিশ্বাসের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি ঢাকা স্ট্রিমে গ্রাফিক ডিজাইনার হিসেবে কর্মরত ছিলেন। 

স্বর্ণময়ীর মৃত্যুর কিছুদিন আগে ঢাকা স্ট্রিমের বাংলা কনটেন্ট এডিটর আলতাফ শাহনেওয়াজের বিরুদ্ধে লিখিতভাবে যৌন নিপীড়নের অভিযোগ দেন একদল কর্মী।

তাদের মধ্যে স্বর্ণময়ীও ছিলেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যে জানা যায়। অভিযোগকারীদের কেউ কেউ দাবি করেন, আলতাফ শাহনেওয়াজের নিপীড়নের কারণে হতাশায় ভুগছিলেন এই তরুণী। লিখিত অভিযোগ জানানোর পরেও ঢাকা স্ট্রিম কর্তৃপক্ষ ব্যবস্থা না নেওয়ায় হতাশা আরো প্রকট হয়।

ঘটনার প্রায় সাড়ে ৬ মাস পরে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক আরিফুল ইসলামের আদালতে অপমৃত্যুর মামলাটির চূড়ান্ত প্রতিবেদনে দেন শেরেবাংলানগর থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম।

তদন্ত কর্মকর্তা দাবি করেন, পারিবারিক কারণে বিষণ্নতায় ভুগছিলেন স্বর্ণময়ী বিশ্বাস। প্রচণ্ড অভিমান থেকে তিনি আত্মহননের পথ বেছে নেন। মৃত্যুর আগে এক চিঠিতে তিনি জীবনের হতাশার কথা লিখে গেছেন।

পুলিশের চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়, দীর্ঘ তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্ট পর্যালোচনার পর পুলিশ নিশ্চিত হয়েছে, পরিবারের প্রতি গভীর অভিমান থেকে স্বর্ণময়ী আত্মহত্যা করেন।

ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) শফিকুর রহমান জানান, মামলার তদন্ত কর্মকর্তা সাইফুল ইসলাম ১৪ এপ্রিল আদালতে চূড়ান্ত প্রতিবেদনটি দিয়েছেন। এরপর ১৯ এপ্রিল আদালত সেটি গ্রহণ করেন।

এতে উল্লেখ করা হয়, ঘটনাস্থল থেকে রক্তমাখা ব্লেড ও প্রিন্টের ওড়না, নোট বুক ও ডায়েরি উদ্ধার করা হয়েছে। একটি নোটবুকের দ্বিতীয় পাতায় স্বর্ণময়ী লেখেন, ‘সবাই এটাই ভাবছে, আমার হইতে এটা আশা করেনি। মজার ব্যাপার হলো, আমি নিজেও আশা করিনি। কী লিখব বুঝতে পারছি না। মাথার মধ্যে শুধু অভিমান। আর অনেকগুলো প্রশ্নের উত্তর নেই কারো কাছে। চলে যাওয়ার প্ল্যান করেছি অনেক দিন আগে। মাঝে দাদাভাইয়ের বিয়ে বেঁধে গেল। এত বাধার মধ্যে আমি বাধা হইতে চাইলাম না। তাই শেষবারের মতো তোমাদের একটু গুছিয়ে দিয়ে গেলাম। আমি না থাকলে তোমাদের দিব্যি চলবে। বরং আমি থাকলেই জ্বালা। আমি যাদের ওপর খুব ভরসা করেছিলাম, তারা খুব নড়বড়ে। কিন্তু আমি ভেবেছি শক্ত।’

স্বর্ণময়ীর মৃত্যুর পর কর্মস্থলে তাকে হয়রানির অভিযোগ নিয়ে তোলপাড় শুরু হয়। এক পর্যায়ে গত বছরের ১৯ অক্টোবর প্রতিষ্ঠানের এক বিবৃতিতে বলা হয়, ‘ঢাকা স্ট্রিমের বাংলা কনটেন্ট এডিটর আলতাফ শাহনেওয়াজ-এর বিরুদ্ধে ১৩ জুলাই মানবসম্পদ বিভাগে একটি অভিযোগপত্র জমা পড়ে। অভিযোগ পাওয়ার পর আলতাফ শাহনেওয়াজকে তাৎক্ষণিকভাবে বার্তাকক্ষ থেকে প্রত্যাহার করা হয় এবং অভিযোগ তদন্তের জন্য দুই সদস্যের কমিটি গঠন করা হয়। তদন্ত প্রতিবেদনে সহকর্মীদের সঙ্গে আলতাফ শাহনেওয়াজের কিছু ক্ষেত্রে অসৌজন্যমূলক আচরণের প্রমাণ পাওয়া গেলে, ঢাকা স্ট্রিম কর্তৃপক্ষ তার বার্তাকক্ষ থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত বহাল রাখে এবং কর্মীদের জন্য প্রতিষ্ঠানের আচরণবিধি চূড়ান্ত করে।’

ঢাকা স্ট্রিমে নিপীড়নের অভিযোগ নিয়ে কোনো অনুসন্ধান করা হয়নি বলে জানান তদন্ত কর্মকর্তা সাইফুল ইসলাম। তিনি রবিবার (৩ মে) বলেন, ‘আমরা তো একটা ডায়েরি পেয়েছি। সেখানে লেখাতেই তো স্পষ্ট তার (স্বর্ণময়ী) আত্মহত্যার কারণটা কী। এর বাইরে অন্য কোনো বিষয় তো আসারও কথা না। ওই ব্যাপারে তাদের পরিবার থেকেও কোনো অভিযোগ করা হয় নাই।’

স্বর্ণময়ীর কর্মস্থলের কারো সঙ্গে কোনো কথা হয়নি জানিয়ে এসআই সাইফুল ইসলাম বলেন, ‘আসলে ঘটনার পরই বাসায় গিয়ে আমরা সুইসাইড নোটটি পেয়ে যাই। তাই আর কোথাও যাওয়ার প্রয়োজন হয়নি।’

পুরো বিষয়টি নিয়ে আলতাফ শাহনেওয়াজ বলেন, ঢাকা স্ট্রিমে কাজ করতে গিয়ে তিনি অফিসের নোংরা পলিটিক্সের শিকার হয়েছেন। সামাজিকভাবে হেয় করতে তার নামে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল। এতে তার ও পরিবারের অপূরণীয় ক্ষতি হয়েছে।

অন্যদিকে গত বছর অভিযোগ জানানো ঢাকা স্ট্রিম কর্মীদের একজন শতাব্দীকা ঊর্মি বলেন, ‘আমরা যে অভিযোগ দিয়েছিলাম সেখানে আমার স্বাক্ষর ছিল, স্বর্ণময়ীরও স্বাক্ষর ছিল। সুইসাইডের ঘটনাটি আলাদা হতে পারে, তবে অভিযোগের ইস্যু আলাদা। ওখানে কিছু মেয়ের অস্বস্তিকর পরিবেশে থাকা নিয়ে অভিযোগ করা হয়েছিল। কর্মক্ষেত্রে যে হ্যারাসমেন্ট, সেটা নিয়ে কোনো প্রপার তদন্ত হয়নি। এখন ৬ মাস পরে এসে বিষয়টিকে পুরোপুরি খারিজ করে দেওয়া হচ্ছে।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪