| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জনসেবায় অগ্রাধিকার দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

reporter
  • আপডেট টাইম: মে ০৪, ২০২৬ ইং | ০৫:১৫:৪৯:পূর্বাহ্ন  |  ২৭০ বার পঠিত
জনসেবায় অগ্রাধিকার দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

স্টাফ রিপোর্টার: জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারের নীতি, কর্মসূচি ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে মাঠ প্রশাসনকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেছেন, জনগণের দোরগোড়ায় দ্রুত ও মানসম্মত সেবা পৌঁছে দিতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের আরও দায়িত্বশীল হতে হবে।

রোববার (৩ মে) জেলা প্রশাসক সম্মেলন ২০২৬ উপলক্ষে বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের উদ্দেশে দেওয়া দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, দীর্ঘদিনের অপশাসনের পর নতুন সরকার জনগণের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এসব উদ্যোগের সুফল যাতে প্রকৃত উপকারভোগীদের কাছে সময়মতো পৌঁছে যায়, তা নিশ্চিত করা মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

তিনি বলেন, মাঠ প্রশাসনের কর্মকর্তারা সরকারের প্রত্যক্ষ প্রতিনিধি হলেও সর্বোপরি তারা জনগণের সেবক। তাই সাধারণ মানুষের সমস্যা, অভিযোগ ও দুর্ভোগ শুনে দ্রুত সমাধানে কার্যকর ভূমিকা রাখতে হবে।

রাষ্ট্রপতি তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সরকারি সেবা সহজ ও স্বচ্ছ করার আহ্বান জানান। একই সঙ্গে গুজব, অপতথ্য ও তথ্যপ্রযুক্তির অপব্যবহার করে সামাজিক অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা রোধে প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেন।

তিনি ভূমি ব্যবস্থাপনার আধুনিকীকরণ, যুবসমাজের দক্ষতা উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ এবং নারী-শিশুর নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং প্রান্তিক নারীদের ক্ষমতায়নে প্রশাসনকে সক্রিয়ভাবে কাজ করার আহ্বানও জানান।

দুর্নীতিকে উন্নয়ন ও সুশাসনের প্রধান বাধা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব নিশ্চিত করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে জেলা প্রশাসকদের কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেন তিনি।

এছাড়া বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে জ্বালানি সংকট, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, অবৈধ মজুতদারি রোধ এবং সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে মাঠ প্রশাসনকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান রাষ্ট্রপতি।

বক্তব্যের শুরুতে তিনি মহান স্বাধীনতা যুদ্ধের শহীদ, বীর মুক্তিযোদ্ধা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং গণতান্ত্রিক আন্দোলনে আত্মত্যাগকারী ব্যক্তিদের স্মরণ করেন।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, জেলা প্রশাসক সম্মেলন থেকে প্রাপ্ত নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে কর্মকর্তারা উন্নত, আধুনিক ও মানবিক বাংলাদেশ গঠনে কার্যকর ভূমিকা রাখবেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪