রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের পর্যটন খাতে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম (রিতা)।
সোমবার (৪ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন এ জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। এ অধিবেশনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় অংশ নেয়।
মন্ত্রী বলেন, সম্মেলনে মূল আলোচ্য বিষয় ছিল দেশের পর্যটন শিল্পের বিকাশ। প্রতিটি জেলায় ছড়িয়ে থাকা পর্যটন কেন্দ্রগুলো সংস্কার এবং নতুন পর্যটকদের আকৃষ্ট করতে কী ধরনের উদ্যোগ নেওয়া যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে মনপুরা ও নেত্রকোনার মতো এলাকায় পর্যটন সুবিধা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, যদি পর্যটন খাতকে সুন্দরভাবে গড়ে তোলা যায়, তাহলে দেশীয় ও বিদেশি পর্যটকের সংখ্যা বাড়বে এবং দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।
পর্যটকদের নিরাপত্তা প্রসঙ্গে মন্ত্রী জানান, জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে কোনো পর্যটকই নিরাপত্তাহীনতায় না ভোগেন। পাশাপাশি কক্সবাজারকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
সেন্ট মার্টিন দ্বীপ এর বিষয়ে তিনি বলেন, দ্বীপটি বছরের নির্দিষ্ট সময়ে বন্ধ রাখার বিষয়টি নিয়ে এখনো চূড়ান্ত আলোচনা হয়নি, তবে বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে।
পর্যটন খাতের বর্তমান অবস্থা নিয়ে তিনি বলেন, বিগত সময়ে এই খাত যথাযথভাবে উন্নয়ন পায়নি। আমরা এটিকে একটি শক্তিশালী শিল্পে রূপান্তরের চেষ্টা করছি। তিনি জানান, প্রধানমন্ত্রীও পর্যটন খাতকে শিল্প হিসেবে গড়ে তোলার বিষয়ে আগ্রহী।
বিমানবন্দর প্রসঙ্গে তিনি জানান, সৈয়দপুর বিমানবন্দর–কে আরও উন্নত করার কাজ চলছে। একইসঙ্গে ঠাকুরগাঁও ও বগুড়ায় নতুন বিমানবন্দর চালুর সম্ভাবনা নিয়েও কাজ চলছে। আগামী ৭ মে বগুড়ার বিমানবন্দর পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।
এছাড়া বগুড়ায় একটি ফ্লাইং একাডেমি স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি, যেখানে পাইলট প্রশিক্ষণের সুযোগ তৈরি করা হবে, বিশেষ করে মেধাবী ও স্বল্প আয়ের শিক্ষার্থীদের জন্য।
রিপোর্টার্স২৪/ঝুম