| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিক্ষার্থীদের জন্য ইলেকট্রিক বাস চালুর সিদ্ধান্ত

reporter
  • আপডেট টাইম: মে ০৫, ২০২৬ ইং | ১৩:৫০:১৫:অপরাহ্ন  |  ২৮৯১ বার পঠিত
শিক্ষার্থীদের জন্য ইলেকট্রিক বাস চালুর সিদ্ধান্ত

রিপোর্টার্স২৪ ডেস্ক: শিক্ষার্থীদের নিরাপদ ও পরিবেশবান্ধব যাতায়াত নিশ্চিত করতে ইলেকট্রিক বাস চালুর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ উদ্যোগের মাধ্যমে সড়কে শৃঙ্খলা আনা এবং জ্বালানি তেলের ওপর নির্ভরতা কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থাকে আধুনিক ও নিরাপদ করতে সরকার ধাপে ধাপে বৈদ্যুতিক পরিবহনের দিকে অগ্রসর হচ্ছে।

তিনি আরও জানান, এই উদ্যোগের অংশ হিসেবে প্রথম ধাপে শিক্ষার্থীদের জন্য ইলেকট্রিক বাস আমদানিতে সব ধরনের শুল্ক প্রত্যাহার করা হয়েছে। জ্বালানি তেলের ব্যবহার কমানো এবং ব্যক্তিগত যানবাহনের চাপ হ্রাস করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

ডা. জাহেদ উর রহমান বলেন, “ভবিষ্যতে আমাদের বিদ্যুতনির্ভর পরিবহন ব্যবস্থার দিকে যেতে হবে। শিক্ষার্থীদের জন্য ব্যবহৃত স্কুল বাস যদি বৈদ্যুতিক হয়, তাহলে সেটির ওপর কোনো শুল্ক আরোপ করা হবে না।”

এর আগে গত ২৭ এপ্রিল এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রজ্ঞাপনে বলা হয়, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা অনুরূপ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী পরিবহনের জন্য ব্যবহৃত ইলেকট্রিক বাস আমদানিতে কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, মূল্য সংযোজন কর (ভ্যাট), সম্পূরক শুল্ক, আগাম কর (এটি) এবং অগ্রিম আয়করসহ সব ধরনের শুল্ক-কর সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, শিক্ষাপ্রতিষ্ঠান নিজে অথবা প্রতিষ্ঠানের পক্ষে অন্য কোনো সংস্থা শিক্ষার্থী পরিবহনের উদ্দেশ্যে এসব বাস আমদানি করলেও একই সুবিধা প্রযোজ্য হবে। তবে নির্ধারিত শর্ত অনুযায়ী, বাসগুলোর রং হলুদ হতে হবে এবং ‘স্কুল’, ‘কলেজ’ বা ‘স্টুডেন্ট বাস’ শব্দগুলো স্পষ্টভাবে দৃশ্যমান রাখতে হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের যাতায়াত আরও নিরাপদ হওয়ার পাশাপাশি পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দেশের পরিবহন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪