রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নতুন দামে প্রতি ভরি সোনায় সর্বোচ্চ ২ হাজার ২৫৮ টাকা পর্যন্ত হ্রাসের ঘোষণা দিয়েছে। এতে ভালো মানের (২২ ক্যারেট) সোনার দাম নেমে এসেছে দুই লাখ ৪০ হাজার টাকায়।
মঙ্গলবার (৫ মে) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। সংগঠনটির ঘোষণা অনুযায়ী, নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
এর আগে সোমবার (৪ মে) ২২ ক্যারেট সোনার প্রতি ভরি দাম ছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। নতুন সমন্বয়ের পর তা কমে দাঁড়িয়েছে ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকায়।
বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে এই মূল্য সমন্বয় করা হয়েছে।
নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেট সোনার প্রতি ভরি ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরি ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
এদিকে সোনার দাম কমলেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। ২২ ক্যারেট রুপার প্রতি ভরি ৫ হাজার ৪৮২ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩৮৩ টাকায় স্থিতিশীল রয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, বৈশ্বিক অস্থিরতা ও আন্তর্জাতিক বাজারে ওঠানামার প্রভাব স্থানীয় সোনা-রুপার দামে পড়ছে। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম কমে ৪ হাজার ৫০০ ডলারে নেমে এসেছে, যা আগে আরও বেশি ছিল বলে জানা গেছে।
বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ববাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত সোনার দামে এমন ওঠানামা অব্যাহত থাকতে পারে।
রিপোর্টার্স২৪/ঝুম