| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৭২ ঘণ্টার বেশি ফাইল আটকে না রাখার নির্দেশ শিক্ষামন্ত্রীর

reporter
  • আপডেট টাইম: মে ০৬, ২০২৬ ইং | ০৪:৩০:৩০:পূর্বাহ্ন  |  ১১৯৩ বার পঠিত
৭২ ঘণ্টার বেশি ফাইল আটকে না রাখার নির্দেশ শিক্ষামন্ত্রীর

স্টাফ রিপোর্টার: প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে কোনো ফাইল ৭২ ঘণ্টার বেশি আটকে না রাখার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় রাজধানীর বনানীর শেরাটন হোটেলে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, অতীতে সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুকের সঙ্গে কাজ করার সময় কোনো ফাইল ৭২ ঘণ্টার বেশি আটকে থাকত না। সেই অভিজ্ঞতার ভিত্তিতে বর্তমানেও সচিবকে একই নির্দেশনা দেওয়া হয়েছে। রুলস অব বিজনেস অনুযায়ী দীর্ঘ সময় ফাইল আটকে রাখার কোনো যৌক্তিকতা নেই বলেও মন্তব্য করেন তিনি।

ইউজিসির কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান চেয়ারম্যান নতুন দায়িত্ব নেওয়ার পর অল্প সময় হয়েছে। তাই এখনই মূল্যায়ন না করে দ্রুত একটি কার্যকর কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। আগামী ১৮০ দিনের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রম নতুনভাবে সাজানোর পরিকল্পনার কথাও জানান তিনি।

ড. এহছানুল হক মিলন বলেন, দেশের সবচেয়ে বড় শক্তি তরুণ জনগোষ্ঠী। শিক্ষা খাত থেকেই বড় পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ রয়েছে। পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজগুলোর অবদানও উল্লেখ করেন তিনি।

ভিসা জটিলতার বিষয় তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, এ বিষয়ে একটি কমিটি গঠন করে ১৯৯২ সালের আইন পর্যালোচনা করা হবে। আধুনিক সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা খাতকে এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন, ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, শিক্ষাসচিব আবদুল খালেকসহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪