রিপোর্টার্স২৪ ডেস্ক: ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটে জাল নোট শনাক্তকরণ মেশিন থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার। জাল নোট কারবারিরা যেন সক্রিয় না হতে পারে সেজন্য গোয়েন্দা নজরদারিও চলছে বলে জানান তিনি।
বুধবার (৬ মে) সকালে রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শনে গিয়ে এ কথা বলেন ডিএমপি কমিশনার।
মো. সরওয়ার বলেন, জাল নোট যেন কেউ ছড়াতে না পারে বা কারা কারা করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের ধরতে অভিযান চলছে। পাশাপাশি সরকারি-বেসরকারিভাবে পশুর হাটে জাল নোট শনাক্তের মেশিন থাকবে।
পশুর হাটে চাঁদাবাজির বিষয়ে তিনি বলেন, ১ মার্চ থেকে চাঁদাবাজদের বিরুদ্ধে ডিএমপির বিশেষ অভিযান চলছে। গত ৪-৫ দিনে তালিকাভুক্ত ও তালিকার বাইরের অসংখ্য চাঁদাবাজ ধরা হয়েছে, ধরার প্রক্রিয়া চলছে। অতএব, ঈদ কেন্দ্র করে যেসব চাঁদাবাজ আছে তাদের আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
পশুর হাট নিয়ে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার বলেন, সিটি করপোরেশনসহ হাটের ব্যবস্থাপনায় যারা রয়েছেন তারা বেশ কিছু ব্যবস্থা নেবেন।
এছাড়া তিনি জানান, পুরো গাবতলী হাট, আশপাশের সড়ক ঘিরে পুলিশের কার্যক্রম পরিচালিত হবে। হাটকেন্দ্রিক বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশ তৎপর থাকবে।
রিপোর্টার্স২৪/ঝুম