| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এপ্রিলে সড়কে প্রাণ গেছে ৪০৪ জনের

reporter
  • আপডেট টাইম: মে ০৬, ২০২৬ ইং | ১৪:৩৯:০১:অপরাহ্ন  |  ১১১৭ বার পঠিত
এপ্রিলে সড়কে প্রাণ গেছে ৪০৪ জনের

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশে গত এপ্রিল মাসে সড়ক দুর্ঘটনায় ৪০৪ জন নিহত এবং ৭০৯ জন আহত হয়েছেন। মোট ৪৬৩টি দুর্ঘটনার তথ্য উঠে এসেছে বিভিন্ন গণমাধ্যম ও সংগঠনের সমন্বিত প্রতিবেদনে।

বুধবার (৬ মে) রোড সেফটি ফাউন্ডেশন প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনটি ৯টি জাতীয় দৈনিক, ১৭টি অনলাইন সংবাদমাধ্যম, ইলেকট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্য বিশ্লেষণের ভিত্তিতে তৈরি করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে ১৪২টি মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন ১১৩ জন, যা মোট মৃত্যুর ২৭ দশমিক ৯৭ শতাংশ। এছাড়া ১০২ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট মৃত্যুর ২৫ দশমিক ২৪ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৪৬ জন।

দুর্ঘটনার স্থান বিশ্লেষণে দেখা গেছে, ১৬৮টি ঘটনা ঘটেছে জাতীয় মহাসড়কে, ১৯৩টি আঞ্চলিক সড়কে, ৪৫টি গ্রামীণ সড়কে এবং ৫৭টি শহরের সড়কে।

দুর্ঘটনার ধরন অনুযায়ী সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে নিয়ন্ত্রণ হারিয়ে (১৯৪টি)। মুখোমুখি সংঘর্ষে ৯৭টি, পথচারীকে চাপা বা ধাক্কা দেওয়ার ঘটনায় ১০৬টি এবং পেছন থেকে আঘাতের কারণে ৫২টি দুর্ঘটনা ঘটেছে।

এ সময় মোট ৬৫৯টি যানবাহন দুর্ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিল। এর মধ্যে বাস ৮৪টি, ট্রাক ৯১টি, মোটরসাইকেল ১৫৩টি এবং থ্রি-হুইলার ১১২টি। সময়ের হিসাবে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে সকালে (২৮ দশমিক ৫০ শতাংশ) এবং রাতে ১৯ শতাংশ দুর্ঘটনা ঘটেছে।

বিভাগভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে—১০৯টি ঘটনায় ১০২ জন নিহত হয়েছেন। সবচেয়ে কম দুর্ঘটনা সিলেট বিভাগে, যেখানে ১২টি দুর্ঘটনায় ১২ জন নিহত হন। রাজধানীতে ৩৬টি দুর্ঘটনায় ২৪ জন নিহত এবং ৬৭ জন আহত হয়েছেন।

রোড সেফটি ফাউন্ডেশন দুর্ঘটনার জন্য দায়ী করেছে ত্রুটিপূর্ণ যানবাহন ও সড়ক, বেপরোয়া গতি, চালকদের অদক্ষতা, ট্রাফিক আইন অমান্য, মহাসড়কে ধীরগতির যান চলাচল এবং দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনাকে। পাশাপাশি পরিবহন খাতে চাঁদাবাজিকেও একটি বড় কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪